অন্যান্য

দামুড়হুদায় মাদ্রাসার নামে ভুয়া রশিদ ছাপিয়ে টাকা আদায়, আটক ৩/দৈনিক পূর্বাচল

দৈনিক পূর্বাচল

নিজস্ব প্রতিবেদক, দামুড়হুদা (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার দামুড়হুুদায় মাদ্রাসার ভুয়া রশিদ বই ব্যবহার করে প্রতারণার সময় তিনজনকে আটক করেছে পুলিশ। বাকি পলাতকদের গ্রেফতারে অভিযান চলছে।

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মাদ্রাসার নামে ভুয়া রশিদ বই তৈরি করে অভিনব কায়দায় সাধারণ মানুষের কাছ থেকে চাঁদাবাজি ও প্রতারণার সময় হাতেনাতে তিন প্রতারককে আটক করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) উপজেলার মালিক সুপার মার্কেট এলাকা থেকে স্থানীয় জনতার সহায়তায় তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ জনের একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদ্রাসার নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণামূলকভাবে অর্থ আদায় করে আসছিল। রোববার সকালে মালিক সুপার মার্কেট এলাকায় চক্রটির সদস্যরা সন্দেহজনকভাবে ঘোরাঘুরি ও সাধারণ মানুষের নিকট থেকে টাকা তুলছিল। এ সময় তাদের কার্যক্রম স্থানীয়দের নজরে এলে সন্দেহ সৃষ্টি হয়।

একপর্যায়ে তাদের প্রতারণা ও জালিয়াতির বিষয়টি ফাঁস হয়ে গেলে স্থানীয় জনতা তাদের ধাওয়া করে। এ সময় গণরোষের মুখে পড়ে চক্রের ৫ সদস্য কৌশলে পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি ৩ জনকে হাতেনাতে আটক করে স্থানীয়রা। পরে দামুড়হুদা থানা পুলিশে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই তিনজনকে থানায় নিয়ে যায়।

আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা ভুয়া রশিদ বইগুলো পরীক্ষা করে তাতে “নাজমুল হোসাইন বিপ্লবী” নামের এক ব্যক্তির মোবাইল নম্বর পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ, এই চক্রটি দীর্ঘদিন ধরে এলাকায় এমন অভিনব কায়দায় প্রতারণা চালিয়ে সাধারণ মানুষকে সর্বস্বান্ত করে আসছে।

এ বিষয়ে দামুড়হুদা থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি, এই ভুয়া রশিদ চক্রের বাকি ৫ পলাতক সদস্যকে গ্রেফতারে পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment