নিজস্ব প্রতিবেদক | দৈনিক পূর্বাচল
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে পৌঁছেছেন। ইস্তাম্বুলে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার বিকেল ৬টা ২০ মিনিটে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা ও সংবর্ধনা শেষে প্রধানমন্ত্রীকে বহনকারী কনভয় তাঁকে ‘হাইয়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যায়। নিউইয়র্ক সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।
এদিকে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক আগমনকে কেন্দ্র করে হোটেলটির আশপাশে জড়ো হন স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা। এ সময় তাঁদের হাতে ছিল বিভিন্ন ব্যানার, পোস্টার ও ফেস্টুন। নানা স্লোগানে মুখরিত পরিবেশের মধ্য দিয়ে তাঁরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।


