ঢাকা: জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে আজ ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার বিকেল ৫.০০ ঘটিকায় জাতীয় সংসদ ভবনের সামনে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করবে জিয়া মঞ্চ ঢাকা মহানগর উত্তর।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ে মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকুনগুনিয়ার প্রকোপ থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নিছক আনুষ্ঠানিকতার পরিবর্তে জনকল্যাণমূলক ও সামাজিক কাজের মাধ্যমেই দিনটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।
আজ বিকেলে সংসদ ভবন সংলগ্ন এলাকায় সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত থেকে পথচারী এবং সাধারণ মানুষের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেবেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপরও বিশেষ গুরুত্বারোপ করা হবে।


