রাজনীতি

আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার ও জনগণ শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেইলি পূর্বাচল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের চলমান কর্মসূচি ও অপতৎপরতায় জনগণ ও সরকার মোটেও শঙ্কিত নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার তীব্র সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগের তথাকথিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ ও পার্কিং করা বাসে অগ্নিসংযোগের মতো অপতৎপরতা চালানো হচ্ছে। তবে ককটেলবাজির ঘটনায় মোটরসাইকেলসহ আসামিদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হাইকোর্ট ফটক ও যাত্রাবাড়ীর নাশকতার ঘটনার উল্লেখ করে তিনি জানান, এসব ঘটনায় জড়িতদের ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অন্যান্য অপরাধীদেরও শনাক্তকরণের কাজ চলছে। দেশবাসী এসব অপকর্ম বর্জন ও প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন তিনি।

তেজগাঁওয়ের গোপন বৈঠক ও নতুন উগ্রবাদী সংগঠন:

রাজধানীর তেজগাঁওয়ের সাম্প্রতিক ঘটনা সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত শুক্রবার তেজগাঁওয়ের একটি মসজিদে নামাজ শেষে গোপন বৈঠকে বসার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ জনকে আটক করা হয়।

আটকদের বিষয়ে তিনি বলেন, মোবাইল ফোন ফরেনসিক ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি, এমন ১১ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের বিষয়ে প্রাপ্ত তথ্যানুযায়ী, তারা ‘ইত্তেহাদুল উম্মাহ’ নামে একটি নতুন উগ্রবাদী সংগঠন গড়ে তোলার অপচেষ্টা চালাচ্ছিল। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো ধরনের নাশকতা কঠোরভাবে দমন করা হবে বলে হুশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment