বিনোদন

অমর নায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা ও চিরসবুজ নায়ক সালমান শাহর ৫৫তম জন্মবার্ষিকী আজ শনিবার (১৯ সেপ্টেম্বর)। বেঁচে থাকলে আজ ৫৫ বছর পূর্ণ করে ৫৬ বছরে পা রাখতেন নব্বইয়ের দশকের এই অপ্রতিদ্বন্দ্বী তারকা। তার জন্মদিনে ভক্ত-অনুরাগীদের মাঝে নানা আয়োজন থাকলেও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে কোনো বিশেষ কর্মসূচি রাখা হয়নি।

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় জন্ম নেওয়া সালমান শাহর পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন। তার বাবা কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। সিলেট শহরের শেখঘাটে দাদার বাড়ি এবং দারিয়াপাড়ায় নানার বাড়ি ছিল, যা বর্তমানে ‘সালমান শাহ হাউজ’ নামে পরিচিত। তার নানার অনুপ্রেরণাতেই মূলতঃ অভিনয়ের প্রতি ঝোঁক তৈরি হয়, কারণ তার নানা পূর্ব পাকিস্তানের প্রথম পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এ অভিনয় করেছিলেন। চলচ্চিত্রে আসার আগে থেকেই তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন; স্কুলজীবনে বন্ধুমহলে সংগীতশিল্পী হিসেবে পরিচিত সালমান ১৯৮৬ সালে ছায়ানট থেকে পল্লীগীতিতে কোর্স সম্পন্ন করেন।

১৯৯২ সালের ১২ আগস্ট সামিরা হকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এর আগেই নাটকে অভিনয়ের মাধ্যমে তার অভিনয়জীবন শুরু হয়। মঈনুল আহসান সাবেরের লেখা ধারাবাহিক নাটক ‘পাথর সময়’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে যাত্রা শুরু করেন তিনি। পরবর্তীতে আরও কয়েকটি নাটকে অভিনয় করে তিনি প্রশংসা কুড়ান।

চলচ্চিত্রে পা রাখার পর সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় মৌসুমীর বিপরীতে অভিষেকের মাধ্যমে রাতারাতি দর্শকপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান তিনি। মৌসুমীর সঙ্গে দুটি সিনেমায় অভিনয় করলেও পরবর্তীতে চিত্রনায়িকা শাবনূরের সঙ্গে তার জুটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ও সফল জুটিতে পরিণত হয়। শাবনূর ছাড়াও তিনি শাবনাজ, শাহনাজ, লিমা, শিল্পী, শ্যামা, সোনিয়া, বৃষ্টি, সাবরিনা ও কাঞ্চির মতো জনপ্রিয় অভিনেত্রীদের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন।

জীবদ্দশায় তিনি নিজের অভিনীত বেশ কয়েকটি ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমার সাফল্য দেখে যেতে পেরেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘তুমি আমার’, ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখি’, ‘বিক্ষোভ’, ‘প্রেম যুদ্ধ’, ‘কন্যাদান’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আঞ্জুমান’, ‘মহামিলন’, ‘আশা ভালোবাসা’, ‘বিচার হবে’, ‘এই ঘর এই সংসার’, ‘প্রিয়জন’, ‘তোমাকে চাই’ এবং তার জীবনের শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্বপ্নের পৃথিবী’ (যা ১৯৯৬ সালের ১২ জুলাই মুক্তি পায়)।

মাত্র ২৫ বছর বয়সে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পৃথিবী থেকে চিরবিদায় নেন এই জনপ্রিয় নায়ক। মৃত্যুর তিন দশক পেরিয়ে গেলেও সালমান শাহ আজও কোটি ভক্তের হৃদয়ে সমানভাবে বেঁচে আছেন। তার জন্মদিনে দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা ‘সালমান শাহ ফ্যান ক্লাব’-এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে স্মরণ করা হচ্ছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment