রাজনীতি

আজমেরী হক বাঁধনের ওপর হামলা: ইতালি ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ/

নিজস্ব প্রতিবেদক, দৈনিক পূর্বাচল:

ইতালির ভেনিসের মেস্ত্রে শহরে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ও হেনস্তার ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও বিশ্লেষণ করে এ ঘটনায় জড়িত কয়েকজনের পরিচয় শনাক্ত করা গেছে। হামলাকারীরা নিজেদের ইতালি ছাত্রলীগের সদস্য হিসেবে পরিচয় দিয়ে অভিনেত্রীর দিকে ডিম, কোক ও পানি ছুড়ে মারেন এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন।

স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পর মেস্ত্রের একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার সময় এই অপ্রীতিকর পরিস্থিতির শিকার হন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।

ভিডিও বার্তায় যা জানিয়েছেন বাঁধন: ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও বার্তায় আজমেরী হক বাঁধন জানান, কয়েকজন ব্যক্তি হঠাৎ তাকে ঘিরে ধরে হেনস্তা করেন। তার গায়ে কোক ও ডিম ছোড়া হয়, শারীরিকভাবে আঘাত করা হয় এবং তার মুঠোফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেওয়া হয়। এ সময় তার পরিবারের ছোট শিশুরাও উপস্থিত ছিল এবং তিনি বারবার আকুতি জানালেও হামলাকারীরা থামেননি।

‘জুলাই জঙ্গি’ স্লোগান ও হেনস্তা: ঘটনার সময় ধারণ করা একটি লাইভ ভিডিওতে হামলাকারীদের বলতে শোনা যায়, ‘এই যে জুলাই জঙ্গি… ভেনিসে আসছে। ডিম আনো, ডিম আনো।’ ভিডিওতে আরও শোনা যায়, ‘আমরা ইতালির ছাত্রলীগ। বাংলাদেশের যেকোনো প্রান্তে যাবে, তাদের আমরা প্রতিহত করব।’ হামলার সময় ভুক্তভোগীদের পক্ষ থেকে ‘বাচ্চা আছে আমার, কী করছেন এগুলো?’ বলে চিৎকার করা হলেও হামলাকারীরা উল্টো ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন।

যাঁদের পরিচয় শনাক্ত হয়েছে: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ও স্থানীয় সূত্রে এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনের পরিচয় নিশ্চিত করা গেছে:

  • মনিরুল হাওলাদার: যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভ সম্প্রচার করা হয়েছিল, তার নেপথ্যে ছিলেন মনিরুল হাওলাদার। তার বাড়ি মাদারীপুরে। তিনি অতীতে ছাত্রলীগের ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রথমে লিবিয়া ও পরে ইতালি যান। লাইভের ক্যাপশনে লেখা ছিল, ‘জুলাই জঙ্গি আজমেরী হক বাঁধনকে আমরা উত্তম মাধ্যম দিয়েছি ভেনিসে, বাংলাদেশ ছাত্রলীগ, ইতালি শাখা।’

  • শিপল মাহমুদ বিপ্লব: ভিডিওতে বাঁধনের দিকে বারবার পানি ছুড়ে দিতে দেখা যায় তাকে। শরীয়তপুরের এই ব্যক্তি অতীতে ছাত্রলীগের কর্মী এবং বর্তমানে ইতালি ভেনিস শাখা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

  • ইলিয়াস মিয়া: ভিডিওতে বাঁধনকে থাপ্পড় দেওয়ার চেষ্টা করতে দেখা যায় তাকে, যার আঘাতে অভিনেত্রীর হাতে চোট লাগে এবং মুঠোফোন মাটিতে পড়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার এই বাসিন্দা ভেনিস শাখা আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিলেন।

  • আলতাফ পাহাড়: বাঁধনের কাছাকাছি থেকে তাকে বারবার হুমকি ও আক্রমণাত্মক আচরণ করতে দেখা যায়। শরীয়তপুরের এই ব্যক্তি অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং বর্তমানে ভেনিসে যুবলীগের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment