সালমান খানের পর এবার আমির খানকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের খুনের হুমকি!

বিনোদন ডেস্ক | ডেইলি পূর্বাচল ঢাকা, ১৯ জুলাই ২০২৬

বলিউড ভাইজান সালমান খানের পর এবার কুখ্যাত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় পড়েছেন আরেক জনপ্রিয় সুপারস্টার আমির খান। বর্তমানে কারাবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগীরা সোশ্যাল মিডিয়া পোস্ট এবং একটি অডিও বার্তার মাধ্যমে আমির খানকে সরাসরি খুনের হুমকি দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এই চাঞ্চল্যকর ঘটনার পর নড়েচড়ে বসেছে মুম্বাই পুলিশ। তবে এখন পর্যন্ত আমির খান কিংবা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই সহযোগী আরজু বিষ্ণোই এবং টাইসন বিষ্ণোই একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে এই হুমকি দেয়। সেখানে আমির খানের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ ছড়ানোর মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে।

হুমকি দেওয়া সেই পোস্টে লেখা হয়েছে, “আমরা আমাদের ভাই-বোন ও দেশের নাগরিকদের কথা দিচ্ছি, যারা স্টারডমের আড়ালে এমন লজ্জাজনক কাজকে সমাজে উসকে দিচ্ছে, তাদের আমাদের নিজেদের স্টাইলে শায়েস্তা করা হবে। খুব শিগগিরই তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে।” মূলত আমির খানের তৃতীয় বিয়ের গুঞ্জন ও ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করেই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বলিউড তারকাদের ওপর বিষ্ণোই গ্যাংয়ের এমন একের পর এক হুমকিতে মুম্বাইয়ের বিনোদন পাড়ায় চরম উদ্বেগ ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। উদ্ভূত পরিস্থিতিতে আমির খানের নিরাপত্তা জোরদার করার বিষয়ে প্রাথমিক পদক্ষেপ নিচ্ছে মুম্বাই পুলিশ।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 1   +   1   =