আজ বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী: গৌরনদীতে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ও সাংগঠনিক সভায় যোগ দেবেন

নিজস্ব প্রতিবেদক, দৈনিক পূর্বাচল:

এক রাষ্ট্রীয় ও সাংগঠনিক সফরে আজ (সোমবার) বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি জেলার গৌরনদী উপজেলা ও বরিশাল সদরে আয়োজিত একাধিক কর্মসূচিতে অংশ নেবেন বলে সরকারের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে পৌঁছাবেন। সেখানে তিনি একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সফরের সূচনা করবেন। এরপর সকাল ১০টা ৪০ মিনিটে একই স্থানে স্থানীয় সাধারণ মানুষের মাঝে সরকারের কল্যাণমুখী উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

গৌরনদী উপজেলার কর্মসূচি সম্পন্ন করার পর প্রধানমন্ত্রী বরিশাল জেলা সদরে রওনা হবেন। দুপুর ১টায় তিনি বরিশাল শহরের সাগরদী খালপাড়ে আয়োজিত অপর একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন।

সর্বশেষ বিকাল ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। এই সভায় যোগদানের মধ্য দিয়েই তাঁর দিনব্যাপী বরিশাল সফরের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে বরিশাল জেলা ও গৌরনদী উপজেলা প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 5   +   3   =