জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মো. আবুল বাশার তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন। আজ সোমবার (১৩ জুলাই, ২০২৬) বেলা ১১টায় জীবননগর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপি নেতা আবুল বাশার বলেন, একটি কুচক্রী মহল এবং সোহানুর জামান নামের এক ব্যক্তি পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করছে। আধুনিক প্রযুক্তি তথা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ভিডিওসহ বিভিন্ন কনটেন্টে তাঁকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি দৃঢ়তার সাথে বলেন, “আমি কখনো কোনো ধরনের মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলাম না। আমার বিরুদ্ধে এমন কোনো অভিযোগের প্রমাণ কেউ উপস্থাপন করতে পারলে আমি যেকোনো আইনি জবাবদিহিতার মুখোমুখি হতে প্রস্তুত।” একই সঙ্গে তাঁর বিরুদ্ধে ওঠা অবৈধ বিচার-সালিশ পরিচালনার অভিযোগও সম্পূর্ণ অস্বীকার করেন এই সাবেক ইউপি সদস্য।
আবুল বাশার আরও উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের পাশে থেকে সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। রাজনৈতিক ও সামাজিকভাবে অর্জিত এই সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে এ ধরনের নোংরা অপপ্রচারে মেতে উঠেছে।
সংবাদ সম্মেলন থেকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেকোনো তথ্য যাচাই-বাছাই না করে বিশ্বাস বা শেয়ার করবেন না। পাশাপাশি, মানহানির উদ্দেশ্যে এই মিথ্যা তথ্য তৈরি, প্রচার ও শেয়ারের সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
এ বিষয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান এই বিএনপি নেতা। সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

