চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবা ও নগদ ৯,৫০০ টাকাসহ তানভীর আহম্মেদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।
বুধবার (২৪ জুন) আলমডাঙ্গা পৌর এলাকার স্টেশনপাড়াস্থ শহীদ সড়কে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃত তানভীর আহম্মেদ ওই এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই (নিরস্ত্র) মো. মনিরুল হক হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনপাড়া শহীদ সড়কের একটি দোকানের সামনে অভিযান চালিয়ে তানভীরকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করেছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই ইয়াবা ট্যাবলেট চক্রের সাথে আরও এক সহযোগী এবং অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জন জড়িত রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ পলাতক ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আলমডাঙ্গা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
আলমডাঙ্গা থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এই ধরণের নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

