অপরাধ

রিমান্ড শেষে কারাগারে সাবেক খতিব মুফতি রুহুল আমিন | দৈনিক পূর্বাচল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

পাঁচ দিনের রিমান্ড শেষে বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সিআইডির আবেদনে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে রাখা প্রয়োজন।

পাঁচ দিনের পুলিশ রিমান্ড শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঢাকার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান আদালতে দাখিল করা আবেদনে জানান, গত ১৯ নভেম্বর মুফতি রুহুল আমিনকে গ্রেপ্তার করে পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে তোলা হয়েছিল। সেদিন আদালত তাঁর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আট কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

সিআইডির আবেদনে আরও বলা হয়, আদালতের আদেশ অনুযায়ী ২৩ নভেম্বর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। এর আগে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা তাঁকে জিজ্ঞাসাবাদের উপযোগী বলে জানান। তবে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি বুকে হালকা ব্যথা অনুভব করলে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবার পুলিশ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হয়।

তদন্ত কর্মকর্তা জানান, ২৬ নভেম্বর তাঁকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয় এবং শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় পরদিন ২৭ নভেম্বর ছাড়পত্র দেওয়া হয়। এ-সংক্রান্ত সাত পৃষ্ঠার চিকিৎসা সনদের অনুলিপিও আদালতে জমা দেওয়া হয়েছে।

আদালতে দেওয়া তথ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে মুফতি রুহুল আমিন স্বীকার করেছেন যে ঘটনার সময় তিনি বায়তুল মোকাররম জাতীয় মসজিদে উপস্থিত ছিলেন এবং তাঁর সামনেই সংশ্লিষ্ট ঘটনা ঘটে। পাশাপাশি তিনি মামলার বিষয়ে আরও কিছু তথ্য দিয়েছেন, যা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।

তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মামলাটির এজাহারে ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। পলাতক ও অজ্ঞাত আসামিদের নাম-ঠিকানা সংগ্রহসহ তদন্তের কাজ এখনো চলমান রয়েছে। এই অবস্থায় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা জরুরি বলে মনে করে তদন্ত সংস্থা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment