অপরাধ

খুচরা কারবারিতেই সীমাবদ্ধ অভিযান, ধরাছোঁয়ার বাইরে মাদকের গডফাদাররা | ডেইলি পূর্বাচল

সোহেল হাওলাদার, ডেইলি পূর্বাচল | ঢাকা:

প্রতি বছর মাদক পাচারে দেশ থেকে যাচ্ছে ৫ হাজার কোটি টাকার বেশি। অথচ বড় সিন্ডিকেট আড়ালে রেখে অভিযান চলছে নিবন্ধিত বারে। মাদকের ভয়াবহতা নিয়ে ডেইলি পূর্বাচলের বিশেষ প্রতিবেদন।

রাজধানীর মোহাম্মদপুরের বাসিন্দা রেহানা বেগমের (ছদ্মনাম) সাজানো সংসারটি আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশের একটি নামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন তার বড় ছেলে আরিফ। দুই বছর আগে বন্ধুদের পাল্লায় পড়ে প্রথমে ইয়াবা এবং পরে ভয়ংকর মাদক ‘আইস’-এ আসক্ত হয়ে পড়েন তিনি। নেশার টাকা জোগাড় করতে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে মায়ের বিয়ের গয়নাও বিক্রি করে দেন। পরিবারের সদস্যদের ওপর চালাতেন শারীরিক নির্যাতন। বর্তমানে আরিফ কারাগারে বন্দী, আর ছেলের শোকে স্ট্রোক করে শয্যাশায়ী তার বাবা।

রেহানা বেগমের আক্ষেপ, চোখের সামনে তার শান্ত ছেলেটি পশুর মতো হিংস্র হয়ে উঠল। পুরো পরিবারটি আজ জীবন্ত লাশে পরিণত হয়েছে, অথচ যেসব মাদক কারবারি তার ছেলের হাতে এই মরণনেশা তুলে দিয়েছিল, তারা স্থানীয় রাজনৈতিক ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে।

রেহানার এই ট্র্যাজেডি কেবল একটি পরিবারের বিচ্ছিন্ন ঘটনা নয়; ইয়াবা, আইস, হেরোইন ও ফেনসিডিলের ভয়াবহ থাবায় প্রতিদিন নিঃস্ব হচ্ছে দেশের অসংখ্য পরিবার। সম্ভাবনাময় তরুণ প্রজন্ম বই-খাতা ছেড়ে জড়িয়ে পড়ছে চুরি, ছিনতাই ও ভয়াবহ অপরাধে। অভিযোগ উঠেছে, মাদকের মূল হোতাদের আড়ালে রেখে প্রশাসন কেবল লোকদেখানো অভিযানেই দায় সারছে।

মাদকের অর্থে ফুলেফেঁপে উঠছে কিশোর গ্যাং ও অর্থ পাচার

শহর থেকে প্রান্তিক জনপদ—সবখানেই বিস্তার লাভ করেছে মাদকের অবৈধ জাল। আর এই কারবার নিয়ন্ত্রণে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে ‘কিশোর গ্যাং’ সদস্যদের। অপরাধ বিশ্লেষকদের মতে, মাদক সরবরাহকারী চক্রের সঙ্গে কিশোর অপরাধীদের গভীর সখ্য তরুণদের অন্ধকার জগতে ঠেলে দিচ্ছে।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আনকটাড (UNCTAD) এবং সংশ্লিষ্ট অপরাধ অনুসন্ধান বিভাগের তথ্য বলছে, অবৈধ মাদক চোরাচালান ও কেনাবেচার মাধ্যমে বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় ৪৮১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫ হাজার ১৪৭ কোটি টাকার বেশি) বিদেশে পাচার হচ্ছে। এশিয়ার দেশগুলোর মধ্যে মাদক বাণিজ্য থেকে অর্থ পাচারের তালিকায় বাংলাদেশের অবস্থান শীর্ষে।

বিভিন্ন গবেষণা সূত্রমতে, দেশে ইয়াবা ও সিনথেটিক ড্রাগের বার্ষিক বাজারমূল্য ৩ থেকে ৫ বিলিয়ন ডলার, যা টাকার অঙ্কে প্রায় ৩৫ থেকে ৫০ হাজার কোটি টাকা। অপরাধ বিশ্লেষকদের কারও কারও হিসাবে, শুধু ইয়াবার বার্ষিক বাণিজ্যই প্রায় ৬০ হাজার কোটি টাকার। হুন্ডি ও অবৈধ লেনদেনের মাধ্যমে এই অর্থ পাচারের পাশাপাশি দেশে গড়ে উঠছে অবৈধ অস্ত্রের ভান্ডার ও প্রভাবশালী অপরাধী নেটওয়ার্ক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অপরাধবিজ্ঞানীদের সমীক্ষা অনুযায়ী, দেশে বর্তমানে মাদকাসক্তের সংখ্যা ৭৫ লাখ থেকে ১ কোটির মধ্যে, যার সিংহভাগই ইয়াবায় আসক্ত।

১০৫ সীমান্ত রুটে আসছে চালান, নেপথ্যে প্রভাবশালীরা

গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, দেশের ১৮টি জেলার অন্তত ১০৫টি সীমান্ত পয়েন্ট দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ ইয়াবা ও আইসের চালান ঢুকছে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদ, বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একশ্রেণির অসাধু সদস্যের মদদে এই কারবার নির্বিঘ্নে চলছে।

সম্প্রতি একাধিক ব্যাংক হিসাবের তদন্তে মাঝারি সারির মাদক কারবারি ও তাদের স্বজনদের মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অ্যাকাউন্টে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। কিন্তু এসব অর্থের মূল জোগানদাতা ও গডফাদারদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ নেই। ফলে খুচরা বিক্রেতারা গ্রেপ্তার হলেও মূল নিয়ন্ত্রকরা থাকছেন ধরাছোঁয়ার বাইরে।

মূল সিন্ডিকেট আড়ালে রেখে অভিযান চলছে নিবন্ধিত বারে

মাদকবিরোধী অভিযানের গতিপ্রকৃতি নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। গত ছয় মাসের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ঢাকা মহানগরের নিবন্ধিত বার, ক্লাব ও পাঁচতারকা হোটেলে ছোট-বড় মিলিয়ে প্রায় ৪২টি অভিযান পরিচালিত হয়েছে।

অভিযোগ আছে, এসব অভিযানে মূলত অ্যালকোহল মজুদ ও লাইসেন্সের শর্ত সংক্রান্ত ত্রুটি খোঁজা হয়েছে। সরকারি প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি বা ক্রাউন বেভারেজের বৈধ পানীয় জব্দ করে এবং অতিথিদের গ্রেপ্তার ও সরাসরি ভিডিও প্রচার করে তা মাদকের বিরুদ্ধে বড় সাফল্য হিসেবে দেখানো হচ্ছে। অথচ একই সময়ে ইয়াবা বা আইসের বড় কোনো আস্তানা কিংবা গডফাদারদের বিরুদ্ধে যৌথ অভিযান তেমন চোখে পড়েনি।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের বক্তব্য

সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. নেহাল করিম এ প্রসঙ্গে বলেন, “মাদক যখন মহামারির রূপ নেয়, তখন সমাজের নৈতিক ও পারিবারিক ভিত্তি ভেঙে পড়ে। নেশার টাকার জন্য সন্তান যখন মা-বাবাকে হত্যা করে, তখন বুঝতে হবে অবক্ষয় কতটা গভীরে পৌঁছেছে। রাষ্ট্র যদি গডফাদারদের রাজনৈতিক আশ্রয় বন্ধ না করে, তবে কেবল চুনোপুঁটি ধরে এই সংকট কাটানো অসম্ভব।” তিনি অনুমোদিত বারের বদলে ইয়াবার মতো নিষিদ্ধ মাদকের বিরুদ্ধে কঠোর রাষ্ট্রীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।

বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মেজর (অব.) জাহাঙ্গীর হোসেইন বলেন, “ইয়াবা বা আইসের মতো নিষিদ্ধ মাদক আর বৈধ অ্যালকোহল এক বিষয় নয়। সরকারি প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি বছরে ৫০০-৬০০ কোটি টাকা লাভ করে এবং বৈধ বারগুলো ৪৯ শতাংশ পর্যন্ত শুল্ক ও ভ্যাট দেয়। বারবার অভিযানের নামে অতিথিদের ভিডিও প্রচার ও হয়রানি করা হলে পর্যটনশিল্প, বিদেশি বিনিয়োগ এবং সরকারের রাজস্ব আয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”

অভিযোগের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ জানান, কোনো বৈধ ব্যবসাপ্রতিষ্ঠানকে হয়রানি করা তাদের উদ্দেশ্য নয়। বন্ডেড ওয়্যারহাউজ বা লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানে শুল্কমুক্ত বিদেশি মদ বিক্রির অনিয়ম, অবৈধ মজুদ কিংবা লাইসেন্সের শর্ত ভঙ্গের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment