অন্যান্য

তেঁতুলিয়ার আকাশে আবারও কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের ঢল | Daily Purbachal

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি:
  • মেঘমুক্ত আকাশে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে আবারও খালি চোখে দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। ভোরের আলোয় রঙ বদলানো এই দৃশ্য দেখতে পর্যটকদের ঢল নেমেছে ডাকবাংলো ও মহানন্দার তীরে। বিস্তারিত পড়ুন ডেইলি পূর্বাচলে।


কয়েক দিনের মেঘলা আবহাওয়ার বিরতি কাটিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে আবারও খালি চোখে দেখা যাচ্ছে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার বরফঢাকা চূড়া। সোমবার (৯ নভেম্বর) ভোর থেকেই মেঘমুক্ত ও পরিষ্কার আকাশে দৃষ্টিনন্দন এই পর্বতশৃঙ্গটি স্পষ্ট হয়ে ওঠে।
ভোরের সূর্যের আলোয় বরফে ঢাকা চূড়াটি কখনো শুভ্র সাদা, কখনো হালকা গোলাপি, আবার কখনো লালচে আভায় রঙিন হয়ে উঠছে। প্রকৃতির এই অপরূপ ও মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে তেঁতুলিয়ার ঐতিহাসিক ডাকবাংলো ও মহানন্দা নদীর তীরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকেরা ভিড় করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল না। তবে রোববার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করে এবং সোমবার ভোরে পর্বতশৃঙ্গটি পূর্ণরূপে দৃশ্যমান হয়। একই সঙ্গে দূর দিগন্তে ভারতের দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলের মনোরম দৃশ্যও খালি চোখে স্পষ্ট দেখা যাচ্ছে।
প্রকৃতির এই রূপ দেখতে প্রতিবছরই কার্তিক ও অগ্রহায়ণ মাসে পঞ্চগড়ে পর্যটকদের সমাগম ঘটে। এবারও কাঞ্চনজঙ্ঘার এই লুকোচুরি খেলা দেখতে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment