দৈনিক পূর্বাচল
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৬
-
চোখের পরীক্ষার মাধ্যমে ডায়াবেটিস ও হৃদরোগের অগ্রিম তথ্য দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। যুক্তরাজ্যের সান্ডারল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় মিলল বিপুল অনুদান। পড়ুন বিস্তারিত।
-
মানুষের চোখের তারায় এবার ধরা পড়বে শরীরের লুকানো রোগব্যাধি। কোনো জটিল লক্ষণ প্রকাশের আগেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে চোখের সাধারণ পরীক্ষাতেই শনাক্ত করা যাবে ডায়াবেটিস ও হৃদরোগের মতো মারাত্মক শারীরিক ঝুঁকি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির সাম্প্রতিক এক প্রতিবেদনে চিকিৎসা বিজ্ঞানের এই যুগান্তকারী উদ্ভাবনের কথা নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্য সরকার চিকিৎসা গবেষণায় প্রযুক্তির ব্যবহারে বড় ধরনের বিনিয়োগ করেছে। এআই-ভিত্তিক এই প্রাথমিক রোগ নির্ণয় প্রযুক্তি উন্নত করা এবং বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাজ্যের সান্ডারল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ‘নর্দার্ন অপথালমিক রিসার্চ অ্যান্ড ইনোভেশন (নোরি)’ হাবকে ১ কোটি ২২ লাখ পাউন্ড (১২.২ মিলিয়ন পাউন্ড) অনুদান দিয়েছে সরকারি সংস্থা ‘ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশন’ (ইউকেআরআই)।
প্রকল্পটির ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে সান্ডারল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যবিষয়ক অন্তর্বর্তী প্রো-ভাইস চ্যান্সেলর ও নোরির সহ-পরিচালক ম্যাথিউ ক্যাম্পবেল বলেন, “সরকারি এই অর্থনৈতিক সহায়তা আমাদের উদ্ভাবিত প্রযুক্তিকে আরও সূক্ষ্ম ও নিখুঁত করতে সাহায্য করবে। এর মাধ্যমে সাধারণ চোখের স্ক্রিনিংয়ের মাধ্যমেই রোগীরা অনেক আগেই জানতে পারবেন তাদের শরীরে কোনো জটিল রোগ বাসা বাঁধছে কি না।”
চিকিৎসা বিজ্ঞানীরা জানান, প্রাথমিক ধাপে এই কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিটি কেবল কার্ডিওভাসকুলার রোগ (হৃদরোগ) এবং রক্তে শর্করার মাত্রা বা ডায়াবেটিসজনিত জটিলতা নির্ণয়ে কার্যকর করা হচ্ছে। তবে ভবিষ্যতে প্রযুক্তির উন্নয়ন ঘটিয়ে এর পরিসর আরও বাড়ানো হবে। চিকিৎসকদের আশা, পরবর্তী সংস্করণে এই এআই চোখের মনি পরীক্ষা করেই ডিমেনশিয়া (স্মৃতিভ্রংশ) ও স্ট্রোকের মতো জটিল স্নায়বিক রোগের আগাম আভাস দিতে সক্ষম হবে।
প্রযুক্তিভিত্তিক এই প্রাথমিক রোগ নির্ণয় ব্যবস্থা বিশ্বজুড়ে চালু হলে অসংক্রামক ব্যাধিতে মৃত্যুর হার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


