বিনোদন

জয়া-মৌসুমী-অর্শাদের নিয়ে শবনম ফারিয়ার আবেগঘন পোস্ট


বিনোদন ডেস্ক:
কাজের সংখ্যা কমিয়ে দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই স্পষ্টভাষী ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সমসাময়িক বিভিন্ন ইস্যু কিংবা সহকর্মীদের নিয়ে বরাবরই নিজের অকপট মতামত প্রকাশ করে থাকেন তিনি। এবার দেশের একঝাঁক গুণী ও রুচিশীল অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়ে ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন এই তারকা।
পোস্টের শুরুতেই ফারিয়া কিছুটা আক্ষেপ প্রকাশ করে লিখেছেন, দেশের বিনোদন অঙ্গনে এমন কিছু প্রতিভাবান অভিনেত্রী আছেন, যারা সস্তা কোনো ‘এন্টারটেইনমেন্ট’ বা সস্তা প্রচারণা তৈরি না করে শুধু নিজেদের অভিনয়েই মনোযোগ দেন। আর এই কারণেই হয়তো সাধারণ দর্শকদের মাঝে তাদের নিয়ে মাতামাতি বা কৌতূহল কিছুটা কম থাকে।
নিজের পছন্দের শীর্ষ তারকা হিসেবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ভূয়সী প্রশংসা করেছেন ফারিয়া। তিনি লিখেছেন, জয়া আহসান রূপ, অভিনয় এবং আচরণে এক কথায় অসম্ভব সুন্দর। অভিনয়ের বাইরেও তাঁর চমৎকার এক জীবন রয়েছে, যেখানে জড়িয়ে আছে তাঁর পোষ্য, গাছপালা ও সুদৃশ্য বাগানবাড়ি। ফ্যাশন সচেতনদের দৃষ্টি আকর্ষণ করে ফারিয়া বলেন, জয়া আহসানের ব্যাগ, হাতঘড়ি এবং ঐতিহ্যবাহী জামদানি শাড়ির কালেকশন সত্যিই চোখ ধাঁধানো।
জ্যেষ্ঠ অভিনেত্রী সানজিদা প্রীতির স্মৃতিচারণ করে ফারিয়া জানান, অভিনয়ে আসার আগে তিনি ‘৬৯’ এবং ‘স্পর্শের বাইরে’ নাটক দুটি নিয়মিত দেখতেন। ‘স্পর্শের বাইরে’র মূল চরিত্রে অভিনয় করা সানজিদা প্রীতিকে অত্যন্ত মেধাবী ও স্বল্পভাষী উল্লেখ করে তিনি বলেন, “ক্যারিয়ারের শুরুতে ‘কলিংবেল’ নামক একটি সিরিজে তাঁর সাথে দীর্ঘদিন কাজ করার সৌভাগ্য হয়েছিল। তিনি ভীষণ পরিমিত কথা বলেন এবং কাজের বাইরে কখনো অপ্রয়োজনীয় আড্ডায় মাতেন না।”
নিজের প্রজন্মের একমাত্র অভিনেত্রী হিসেবে মৌসুমী হামিদের প্রতি নিজের মুগ্ধতার কথা প্রকাশ করেছেন ফারিয়া। তিনি অকপটে স্বীকার করেন, “আমার জেনারেশনের একমাত্র অভিনেত্রী যার অভিনয় দেখলে নিজের ভেতর আক্ষেপ জাগে—’ইশ, আমি যদি ওর মতো অভিনয় করতে পারতাম!’ মৌসুমী হামিদ অসম্ভব পরিশ্রমী এবং তাঁর অভিনয় দক্ষতা সত্যিই সৃষ্টিকর্তার দেওয়া এক বিশেষ উপহার। পর্দার বাইরে তিনি খুবই চঞ্চল এবং হাসিখুশি একজন মানুষ।”
পাশাপাশি গুণী অভিনেত্রী নাজিয়া হক অর্শার অভিনয়ের প্রশংসা করতে গিয়ে ফারিয়া তাঁর চোখের ভাষার অভিব্যক্তিকে অনন্য বলে উল্লেখ করেন। ফারিয়ার মতে, কিংবদন্তি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার পর অর্শার চোখেই তিনি এমন বিরল ও শক্তিশালী অভিনয় দক্ষতা দেখতে পান।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment