রাজনীতি

আওয়ামী লীগের সব ধরনের প্রচার-প্রচারণাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী


ঢাকা: আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ ও সহযোগী সংগঠনের মাঠপর্যায়ের কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের যেকোনো ধরনের প্রচার-প্রচারণাও সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
আজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী স্মরণ করিয়ে দিয়ে বলেন, “২০২৫ সালের ১২ মে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও তার সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতার মধ্যে গণমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম এবং সোশ্যাল মিডিয়ায় তাদের যেকোনো প্রকাশনা ও প্রচারণাও অন্তর্ভুক্ত। দেশের মূলধারার গণমাধ্যমগুলোর সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখা উচিত।”
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অগ্নিসংযোগের ঘটনা নিয়ে প্রতিমন্ত্রী বলেন, “যারা রাতের অন্ধকারে বিচ্ছিন্নভাবে এসে স্লোগান দিচ্ছে কিংবা বাসে আগুন দিয়ে পালিয়ে যাচ্ছে, তাদের রাজনীতিই মূলত ধ্বংসের। জন্মলগ্ন থেকেই তাদের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস, গুম ও খুনের অভিযোগ রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে অত্যন্ত তৎপর। ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতাদের আইনের আওতায় আনতে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।” তিনি আরও যোগ করেন, অগ্নিসন্ত্রাসের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে, যা দেশের জনগণের দীর্ঘদিনের দাবি।
এর আগে বিজেসি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে সম্প্রচার সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধিদল টেলিভিশন চ্যানেলগুলোর বর্তমান আর্থিক সংকট, গণমাধ্যমকর্মীদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি, পেশাগত স্বাধীনতা রক্ষা এবং সম্প্রচারমাধ্যমের আধুনিকায়নের ওপর জোর দেন।
জবাবে তথ্য প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী। প্রধানমন্ত্রী দেশনেত্রীর নির্দেশনায় বর্তমান সরকার এখন পর্যন্ত কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার কাজে বিন্দুমাত্র হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো প্রশ্নই ওঠে না। আমরা শুধু দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রত্যাশা করি।”
টেলিভিশন চ্যানেলগুলোর আয় বাড়ানোর লক্ষ্যে গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ চ্যানেলগুলোকে দেওয়ার বিষয়ে ক্যাবল অপারেটরদের সাথে একটি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা চালুর প্রস্তাব দেয় প্রতিনিধিদল। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের সুপারিশের বরাতে তারা জানান, ডিজিটাল পদ্ধতি পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত এই ব্যবস্থা কার্যকর করা প্রয়োজন। প্রতিমন্ত্রী এই লিখিত প্রস্তাবনাগুলো পর্যালোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment