আন্তর্জাতিক ডেস্ক | ডেইলি পূর্বাচল
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬
নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি আইনি প্রতিষ্ঠান শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চেয়ে ইমেইল পাঠিয়েছে। তবে এতে কোনো অথরাইজেশন নেই বলে জানিয়েছে মিশন। বিস্তারিত পড়ুন ডেইলি পূর্বাচলে।
ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে ইমেইল পাঠানো হয়েছে। তবে ওই ইমেইলের সঙ্গে শেখ হাসিনার স্বাক্ষরিত কোনো বৈধ অনুমোদন বা ‘অথরাইজেশন’ পত্র যুক্ত ছিল না বলে স্পষ্ট জানিয়েছে দিল্লি হাইকমিশন।
সোমবার (০৯ নভেম্বর) দুপুরে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার মো. সাইদুর রহমান গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রেস মিনিস্টার জানান, গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি। মূলত ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ নামের একটি আইনি প্রতিষ্ঠান হাইকমিশনে একটি ইমেইল পাঠিয়ে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানিয়েছে।
ইমেইলটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে সাইদুর রহমান বলেন, “আইনজীবী প্রতিষ্ঠানের পাঠানো ওই অনুরোধটি আদৌ সঠিক কি না, তা আমাদের কাছে স্পষ্ট নয়। এটি যে প্রকৃতপক্ষে শেখ হাসিনার পক্ষ থেকেই পাঠানো হয়েছে, তা নিশ্চিত হওয়ার কোনো প্রমাণপত্র বা তাঁর দেওয়া কোনো ‘অথরাইজেশন’ নথি ইমেইলে সংযুক্ত ছিল না। বিষয়টি অবগতির জন্য আমরা ইমেইলটি ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।”
এর আগে সোমবার সকালে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়, ভারত থেকে দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন। এই খবর ছড়িয়ে পড়ার পরপরই সরকারের উচ্চপর্যায় থেকে কড়া প্রতিক্রিয়া আসে।
এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির স্পষ্ট ভাষায় জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিচারিক রায় ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। রাষ্ট্র কোনো দণ্ডিত সন্ত্রাসীকে পাসপোর্ট প্রদান করবে না।
অন্যদিকে, সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, পলাতক ও দণ্ডিত আসামি শেখ হাসিনাকে প্রচলিত প্রত্যর্পণ আইনের আওতায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। পাসপোর্টের আবেদনের বিষয়ে তিনি বলেন, “আবেদনের বিষয়টি আমাদের কানে এসেছে। এর সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।”
এছাড়া দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে হামলার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, পতিত অপশক্তি দেশে অস্থিতিশীলতা তৈরির যে অপচেষ্টা চালাচ্ছে, তা কঠোর হস্তে দমন করা হবে।


