APORAD • sara desh

কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত | ডেইলি পূর্বাচল

কুষ্টিয়া প্রতিনিধি | ডেইলি পূর্বাচল
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬
কুষ্টিয়া শহরের থানা পাড়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় জাকিয়া সুলতানা নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে বখাটে। বিস্তারিত পড়ুন ডেইলি পূর্বাচলে।
কুষ্টিয়া শহরে উত্ত্যক্তের (ইভটিজিং) প্রতিবাদ করায় জাকিয়া সুলতানা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (০৯ নভেম্বর) দুপুরে শহরের থানা পাড়া এলাকায় ভুক্তভোগী শিক্ষার্থীর নিজ বাসার ফটকের সামনে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।
আহত জাকিয়া কুষ্টিয়া মিশন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় শহরের মজমপুর এলাকার বাসিন্দা ও দশম শ্রেণির ছাত্র ইমনের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে ভুক্তভোগীর পরিবার।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কোচিংয়ে আসা-যাওয়ার পথে বেশ কিছুদিন ধরেই জাকিয়াকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল অভিযুক্ত ইমন। বিষয়টি সহ্য করতে না পেরে জাকিয়া সম্প্রতি ইমনের পরিবারকে এ বিষয়ে অবগত করে। এতে ক্ষিপ্ত হয়ে ইমন তার ওপর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে।
সোমবার দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের দিকে স্কুল ছুটির পর বাড়ি ফিরে থানা পাড়ার কিচেন ক্লাবসংলগ্ন ভাড়া বাসার গেটে অবস্থান করছিল জাকিয়া। এ সময় আগে থেকেই সেখানে ওঁৎ পেতে থাকা ইমন অতর্কিতভাবে ধারালো ছুরি দিয়ে জাকিয়াকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। জাকিয়ার আর্তচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারী ছুরিটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জাকিয়ার হাতসহ শরীরের বেশ কয়েকটি স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে হাসপাতালের পিএমসি ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, কিশোরীটির শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই তার প্রয়োজনীয় চিকিৎসা ও ড্রেসিং শুরু করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং সে শঙ্কামুক্ত রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “আহত ওই স্কুলছাত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে এবং তার অবস্থা স্থিতিশীল। এ ঘটনায় জড়িত অভিযুক্তকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment