ডেস্ক রিপোর্ট, দৈনিক পূর্বাচল:
ভারতে অবস্থানরত শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে রয়টার্স। এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।
ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূইয়া।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ২৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন। পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’
এর আগে রয়টার্স তাদের প্রতিবেদনে জানায়, আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে শেখ হাসিনা এই নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ। তবে এ বিষয়ে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কিংবা ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রয়টার্সের হাতে আসা নথিপত্র অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এই আবেদনপত্রটি পাঠিয়েছেন। চিঠিতে উল্লেখ করা হয়, পূর্ববর্তী অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে। তাই বাংলাদেশের নাগরিকত্বের অধিকার এবং আন্তর্জাতিক মানবাধিকার নীতির আলোকে দ্রুততম সময়ের মধ্যে তাকে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। পরবর্তীতে ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন।
রাজনৈতিক বিশ্লেষক ও রয়টার্সের মতে, বর্তমানে নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের শীর্ষ নেত্রীর দেশে ফেরার এই উদ্যোগ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াতে পারে। পাশাপাশি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার চলমান কূটনৈতিক টানাপোড়েনেও এটি নতুন সমীকরণ তৈরি করার সম্ভাবনা রয়েছে।


