ব্যবসা ও বাণিজ্য ডেস্ক | ডেইলি পূর্বাচল
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০২৬
ব্যাংকঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় বন্ধ হচ্ছে অনন্ত জলিলের শিল্পপ্রতিষ্ঠান। ২২৬ কোটি টাকা পাওনা আদায়ে অনন্ত জলিল ও তার স্ত্রীকে আইনি নোটিশ দিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। বিস্তারিত পড়ুন ডেইলি পূর্বাচলে।
ব্যাংকঋণের বিশাল বোঝা ও আর্থিক সংকটের মুখে পড়ে একে একে বন্ধ হয়ে যাচ্ছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক, প্রযোজক ও শিল্পপতি এম এ জলিল ওরফে অনন্ত জলিলের মালিকানাধীন কলকারখানা। ব্যবসায়িক কার্যক্রম সচল রাখতে নতুন বিনিয়োগকারী বা অংশীদার খোঁজার চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়েছেন। এরই ধারাবাহিকতায় শুধু ‘এবি অ্যাপারেলস লিমিটেড’-এর বিপরীতে পাওনা ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা আদায়ে অনন্ত জলিল ও তার স্ত্রীকে আইনি (লিগ্যাল) নোটিশ পাঠিয়েছে বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
তৈরি পোশাক খাতে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে ব্যবসা শুরু করে গত প্রায় আড়াই দশকে একের পর এক কারখানা গড়ে তুলেছিলেন অনন্ত জলিল। নিজ উদ্যোগে ‘এজেআই গ্রুপ’ প্রতিষ্ঠা করে তিনি দেশের প্রথম সারির তৈরি পোশাক রপ্তানিকারকদের কাতারে জায়গা করে নেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে নানামুখী ব্যবসায়িক মন্দা ও অভ্যন্তরীণ সংকটের কারণে তার গড়ে তোলা প্রতিষ্ঠানগুলো একের পর এক বন্ধ হতে থাকে।
বিপুল পরিমাণ খেলাপি ঋণের চাপে বর্তমানে চরম বেকায়দায় পড়েছেন এই ব্যবসায়ী। একই সঙ্গে তার প্রতিষ্ঠানগুলোতে অর্থায়ন করা ব্যাংকগুলোও বড় ধরনের আর্থিক ঝুঁকির মুখে পড়েছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে আইনি নোটিশ পাওয়ার বিষয়টি স্বীকার করে অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সময় কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ থাকলেও মানবিক দিক বিবেচনায় তিনি প্রায় ২০০ কোটি টাকা ব্যাংকঋণ নিয়ে শ্রমিকদের বসিয়ে বসিয়ে নিয়মিত বেতন-ভাতা পরিশোধ করেছিলেন। পরবর্তীতে সেই মূল ঋণের সঙ্গে উচ্চহারে সুদ যুক্ত হয়ে বর্তমানে এই বিশাল অঙ্কের দেনার পাহাড় তৈরি হয়েছে।


