নিজস্ব প্রতিবেদক | দৈনিক পূর্বাচল
প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৬
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন তিনি। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হওয়ার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
রোববার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
দ্বিপক্ষীয় বৈঠক ও ব্যবসায়িক ফোরাম
সফরসূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। এ ছাড়া জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন এবং দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিশেষ বৈঠকে অংশ নেবেন তিনি।
গুরুত্বপূর্ণ সংস্থাসহ কর্পোরেট প্রতিষ্ঠান পরিদর্শন
সফরকালে জাপানের শীর্ষ উন্নয়ন অংশীদার ও ব্যবসায়িক সংগঠনের প্রধানদের সঙ্গে একাধিক বৈঠক নির্ধারিত রয়েছে। এর মধ্যে রয়েছে—
-
জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)
-
জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো)
-
জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি)
-
সাসাকাওয়া পিস ফাউন্ডেশন
পাশাপাশি, জাপানের অর্থনৈতিক সক্ষমতা ও প্রযুক্তির সাথে পরিচিত হতে এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, বিখ্যাত ফ্যাশন ব্র্র্যান্ড ইউনিক্লোর সদরদপ্তর এবং টয়োটার কারখানা পরিদর্শনের সম্ভাব্য কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।
ইপিএ বাস্তবায়ন ও অর্থনৈতিক সহযোগিতা
চলতি বছরের (২০২৬) ফেব্রুয়ারিতে সই হওয়া বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত বাস্তবায়নের বিষয়টি এবারের সফরে বিশেষ গুরুত্ব পাবে। এছাড়া বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং চলমান মেগা প্রকল্পগুলোর কাজ আরও ত্বরান্বিত করার বিষয়ে দুই দেশের নীতিনির্ধারকদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, এই সফরের মাধ্যমে কৃষি, মৎস্য, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকার ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে একাধিক সমঝোতা স্মারক সই অথবা সহযোগিতার ঘোষণা আসতে পারে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি-স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকট নিরসনে জাপানের রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন জোরালো করার বিষয়েও আলোচনা হবে।


