দৈনিক পূর্বাচল:
বিএনপির তিন জ্যেষ্ঠ নেতা ও সরকারের মন্ত্রী ড. আব্দুল মঈন খান, আব্দুল আউয়াল মিন্টু এবং মিজানুর রহমান মিনু হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরের পর বাসায় ফিরেছেন। তবে ড. আব্দুল মঈন খান ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এখনও রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালে চিকিৎসাধীন নেতাদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী এবং দলের স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ও সংশ্লিষ্ট মন্ত্রীদের ব্যক্তিগত কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন। পরিবার, দল ও সরকারের পক্ষ থেকে তাঁদের দ্রুত সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
সিসিইউতে ড. আব্দুল মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান গত বুধবার রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (সিসিইউ) চিকিৎসাধীন।
বৃহস্পতিবার সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন হাসপাতালে গিয়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের কাছ থেকে তাঁর চিকিৎসার সার্বিক খোঁজ নেন। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় মিজানুর রহমান মিনু
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু গত বুধবার হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। রক্তশূন্যতার কারণে তাঁকে একাধিক ব্যাগ রক্ত দিতে হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে তাঁকে রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) স্থানান্তর করা হয়।
হাসপাতালে গিয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। ভূমিমন্ত্রীর এপিএস নাজমুল হক ডিকেন জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে তাঁর চিকিৎসা চলছে। বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়েছে এবং বর্তমানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি ঘটেছে।
বাসায় ফিরেছেন আব্দুল আউয়াল মিন্টু
এদিকে, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বুধবার রাতে অসুস্থ বোধ করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হন। অবস্থার উন্নতি হওয়ায় বৃহস্পতিবার দুপুরে তিনি ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, সাময়িক অসুস্থতার কারণে হাসপাতালে গিয়েছিলেন, তবে বিষয়টি গুরুতর কিছু ছিল না। বর্তমানে তিনি সুস্থ আছেন।


