বিনোদন ডেস্ক, দৈনিক পূর্বাচল:
নতুন আঙ্গিক ও পিয়ানো ভার্সনে প্রকাশ পেল কুমার বিশ্বজিতের জনপ্রিয় কালজয়ী গান ‘যেখানে সীমান্ত তোমার’। কিশোর দাসের সংগীতায়োজনে চমৎকার একটি ভিডিওসহ গানটি ইউটিউবে মুক্তি পেয়েছে।
কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের কণ্ঠে শ্রোতাপ্রিয় কালজয়ী গান ‘যেখানে সীমান্ত তোমার’ এবার একদমই নতুন আঙ্গিকে শ্রোতাদের সামনে হাজির হয়েছে। সম্প্রতি ইউটিউবে গানটির একটি বিশেষ ‘পিয়ানো ভার্সন’ প্রকাশ করেছেন তিনি।
প্রখ্যাত গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর লেখা এবং কিংবদন্তি সুরকার লাকী আখন্দের সুরে এই গানটি নতুন রূপে রূপান্তর করেছেন সংগীতশিল্পী ও সংগীতপরিচালক কিশোর দাস। গানটির মেজাজের সঙ্গে নিখুঁত সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে এর নান্দনিক একটি মিউজিক ভিডিও।
ইতিমধ্যে পিয়ানো ভার্সনের গানটি নিয়ে নিজের অনুভূতির কথা প্রকাশ করেছেন কুমার বিশ্বজিৎ। তিনি জানান, বহু বছর ধরে শ্রোতাদের হৃদয়ে রাজত্ব করা এই গানটিকে নতুন এই ট্র্যাকেও দর্শকরা বেশ ভালোবাসার সঙ্গে গ্রহণ করছেন। পিয়ানো ও সুমিত সুরের সংযোজনে গানটির আবহ দারুণ এক অভিজ্ঞতার সৃষ্টি করছে যা সংগীতপ্রেমীদের ইতিবাচক সাড়া পাচ্ছে।


