বিনোদন

দিলারা জামানের নতুন নাটক ‘দাদীর আদর’-এ তানিয়া বৃষ্টি ও প্রান্ত | দৈনিক পূর্বাচল

দৈনিক পূর্বাচল/ বিনোদন ডেস্ক:

প্রবীণ অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে ‘দাদীর আদর’ নাটকে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি ও আবিদ বিন প্রান্ত। জানুন তাদের অভিজ্ঞতা ও নাটকের বিস্তারিত দৈনিক পূর্বাচলে।

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে নতুন নাটকে জুটি বেঁধেছেন এই প্রজন্মের তরুণ ও জনপ্রিয় অভিনেতা আবিদ বিন প্রান্ত। নাটকের নাম ‘দাদীর আদর’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন জুলফিকার ইসলাম শিশির। নাটকটিতে আরও অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অসুস্থ হওয়ার পূর্বে এটিই ছিল তানিয়া বৃষ্টির অভিনীত সর্বশেষ একক নাটক।

নাটকের নির্মাতা সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরুর দিকেই ‘দাদীর আদর’ নাটকটির চিত্রায়ণ সম্পন্ন হয়েছিল। পরিচালক ও শিল্পীদের প্রত্যাশা, একটি পারিবারিক ও আবেগঘন গল্পের মাধ্যমে নির্মিত এই নাটকটি সকল শ্রেণীর দর্শকের হৃদয়ে সাড়া ফেলবে।

তানিয়া বৃষ্টিকে নিয়ে দিলারা জামানের স্মৃতি ও দোয়া

নাটকটিতে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে প্রবীণ অভিনেত্রী দিলারা জামান বলেন, “দীর্ঘ অভিনয় জীবনে বহুবার দাদীর চরিত্রে অভিনয় করেছি। চলতি বছরের শুরুর দিকে আমরা ‘দাদীর আদর’ নাটকের কাজ করি। বৃষ্টি তো খুব লক্ষ্মী একটা মেয়ে, ভীষণ সুন্দর অভিনয় করে। মেয়েটা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় খুব কষ্ট পেয়েছিলাম। এখন শুনছি সে অনেকটাই সুস্থ হয়ে উঠছে; আল্লাহর কাছে দোয়া করি ও যেন পুরোপুরি সুস্থ হয়ে দ্রুত কাজে ফিরতে পারে।”

নতুন অভিনেতা প্রান্ত সম্পর্কে তিনি যোগ করেন, “প্রান্ত নামের নতুন ছেলেটিও বেশ সুন্দর অভিনয় করেছে। ওর জন্য শুভকামনা।”

দিলারা জামানকে নিয়ে তানিয়া বৃষ্টি ও প্রান্থের অভিজ্ঞতা

বর্ষীয়ান এই শিল্পীর সঙ্গে কাজ করা প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, “শ্রদ্ধেয় দিলারা জামান আন্টি আমাদের অভিনয় অঙ্গনের বটবৃক্ষ। তার সঙ্গে যতবারই কাজ করেছি, ততবারই তার আদর, স্নেহ ও ভালোবাসায় সিক্ত হয়েছি। তিনি আমাদের জন্য অভিনয়ের পাঠশালা ও পথপ্রদর্শক। ‘দাদীর আদর’ নাটকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।”

অন্যদিকে তরুণ অভিনেতা আবিদ বিন প্রান্ত প্রথমবার দিলারা জামানের সঙ্গে কাজ করার রোমাঞ্চ ব্যক্ত করে বলেন, “এই নাটকে মূলতঃ আমারই দাদীর চরিত্রে অভিনয় করেছেন প্রিয় দিলারা জামান আন্টি। গুণী এই শিল্পীর সঙ্গে প্রথম কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আর তানিয়া বৃষ্টি আপুর অসুস্থ হওয়ার আগে এটিই ছিল তাঁর সাথে আমার শেষ কাজ। আশা করছি দর্শক নাটকটি পছন্দ করবেন।”

প্রান্ত জানান, খুব শিগগিরই নাটকটি একটি জনপ্রিয় প্ল্যাটফর্মে ইউটিউবে মুক্তি পেতে যাচ্ছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment