বিনোদন

কুলিয়ারচরে বিউটি পার্লার থেকে অপু বিশ্বাসের সাবেক মেকআপ আর্টিস্টের মরদেহ উদ্ধার | দৈনিক পূর্বাচল

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পারফেক্ট বিউটি পার্লার থেকে আল আমিন রাফি (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, বিদেশে পাঠাতে ধারদেনা করে দেওয়া টাকা না পাওয়ায় মানসিক চাপে ছিলেন তিনি।

কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিজ বিউটি পার্লার থেকে আল আমিন রাফি (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ঢাকায় চিত্রনায়িকা অপু বিশ্বাসের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ‘পারফেক্ট বিউটি পার্লার’ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহত আল আমিন রাফি প্রয়াত আলাউদ্দিন ও জাহেরা খাতুন দম্পতির সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় দীর্ঘদিন মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করার পর প্রায় তিন-চার বছর আগে নিজ এলাকায় ফেরেন তিনি। পরে স্থানীয় কয়েকজন নারীকে প্রশিক্ষণ দিয়ে ‘পারফেক্ট বিউটি পার্লার’ চালু করেন।

পারিবারিক সূত্রে দাবি করা হয়েছে, এক বন্ধুকে বিদেশে পাঠাতে ধারদেনা করে দেওয়া টাকা না পাওয়ায় এবং ঋণের চাপে চরম মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন রাফি।

পার্লারের কর্মী বৃষ্টি বেগম জানান, রাফি তার এক বন্ধুকে ধারদেনা করে বিদেশে পাঠিয়েছিলেন এবং প্রায়ই ফোনে ওই বন্ধুর কাছে টাকা চাইতেন। তবে কী পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাতে পারেননি তিনি। বৃষ্টির ভাষ্য অনুযায়ী, কারও সঙ্গে রাফির কোনো শত্রুতা ছিল না; মূলত আর্থিক দেনার চাপেই তিনি ভেঙে পড়েছিলেন।

নিহতের বোন রোহেনা আক্তার জানান, নরসিংদীর বেলাবো উপজেলার বারিচা এলাকার শাহাবুদ্দিনের ছেলে নাঈমকে গ্রিসে পাঠাতে ঋণ ও ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়েছিলেন রাফি। নাঈম বর্তমানে গ্রিসে অবস্থান করছেন। গত ২৬ নভেম্বর রাতে ফোনে পাওনা টাকা ফেরত চাইলে ওই বন্ধু টাকা দিতে অস্বীকৃতি জানান। এরপর থেকেই রাফি মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েন বলে দাবি তার বোনের।

ঘটনার বিষয়ে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে দেনার চাপের বিষয়টি সামনে এলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment