সারা দেশ

প্রশাসন ও গণমাধ্যমে ঘাপটি মেরে থাকা দোসররা ষড়যন্ত্র করছে: রিজভী | দৈনিক পূর্বাচল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নয়াপল্টনে যৌথসভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, প্রশাসন ও গণমাধ্যমে ঘাপটি মেরে থাকা দোসররা সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের সমাবেশ ঘোষণা।

প্রশাসন ও গণমাধ্যমে ঘাপটি মেরে থাকা বিগত সরকারের দোসররা বর্তমান সরকারের জনমুখী কর্মকাণ্ড নিয়ে জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সন্ত্রাস, অগ্নিসংযোগ ও রক্তপাতের মতো কঠিন পরিস্থিতির মধ্যেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার অত্যন্ত ধৈর্যের সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকারের নীতি অনুসরণ করে দেশ পরিচালনা করছে। কিন্তু সরকারের এসব জনকল্যাণমূলক পদক্ষেপ গণমাধ্যমে যথাযথভাবে প্রচার পাচ্ছে না। শুধু প্রশাসনেই নয়, গণমাধ্যমের ভেতরেও ঘাপটি মেরে থাকা একটি পক্ষ বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে বিগত দিনে নির্যাতন-নিপীড়নের সময় বিএনপির বক্তব্য তুলে ধরায় তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং গণতন্ত্র সুসংহত করতে সঠিক তথ্যের ভিত্তিতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

পোশাক খাতের শ্রমিক অসন্তোষ ও রপ্তানি আদেশ স্থানান্তরের আলোচনাকে সরকারের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার আখ্যা দিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, শ্রমিক আন্দোলনের কারণে রপ্তানি আদেশ অন্য দেশে চলে যাচ্ছে—এমন দাবির কোনো ভিত্তি নেই। সরকার দ্রুততম সময়ের মধ্যে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের ন্যায্য পাওনা ও ন্যূনতম মজুরির বিষয়টি সমাধান করেছে। এরপরও ব্যবসা-বাণিজ্য ধ্বংস হয়ে যাচ্ছে বলে যে প্রচারণা চালানো হচ্ছে, তা উদ্দেশ্যপ্রণোদিত।

দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে রিজভী অভিযোগ করেন, পরাজিত শক্তি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা ও হত্যার রাজনীতি অব্যাহত রেখেছে। তিনি উল্লেখ করেন, সম্প্রতি গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের দুই কর্মী, নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মী, ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দলের রাজু মোল্লা এবং নড়াইলের কালিয়ায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান ও জাসাসের সাধারণ সম্পাদক সোহেল রানাকে হত্যা করা হয়েছে।

পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা ও পরাজিত ফ্যাসিস্ট শক্তিগুলো এসব অস্থিতিশীলতায় ইন্ধন জোগাচ্ছে দাবি করে তিনি বলেন, প্রতিদিন রক্তপাত ঘটিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চলছে।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানান রিজভী। ওই দিন দুপুর ২টায় সমাবেশ শুরু হয়ে মাগরিবের আগেই শেষ হবে এবং নেতাকর্মীদের দুপুর ১২টার মধ্যে মাঠে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

যৌথসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমান উল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, প্রচার সম্পাদক ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা, সড়ক যোগাযোগ মন্ত্রী রবিউল ইসলাম রবি এবং রেল যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রহমান হাবিব।

এ ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব এসএম জাহাঙ্গীর, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান ও সদস্য সচিব জাকির হোসেন রোকনসহ দলের অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment