sara desh

সাজেকে সেনাবাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে তীব্র গোলাগুলি: পর্যটকদের উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি / সাজেক:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের উজো বাজার এলাকায় সেনাবাহিনী ও সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে এ গোলাগুলির ঘটনা ঘটে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এর আগে আঞ্চলিক দুটি সংগঠনের ডাকা হঠাৎ অবরোধের কারণে সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে উজো বাজার এলাকায় প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়েন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের কঠোর নিরাপত্তায় পর্যটকদের গাড়ি বহর সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিন্তু সকাল সাড়ে ৯টার দিকে অবরোধকারীরা উজো বাজার এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নিলে পর্যটকদের যানবাহন আটকা পড়ে।

পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিলে বেলা ১১টার দিকে পর্যটকের নিরাপত্তাবহরটি উজো বাজার এলাকা অতিক্রম করে। এর কিছুক্ষণ পরই বেলা সাড়ে ১১টার দিকে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর বন্দুকযুদ্ধ শুরু হয়।

উল্লেখ্য, সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি এবং সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন নামের দুটি আঞ্চলিক সংগঠন বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাজেক সড়কে অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দেয়। অবরোধের কারণে তৈরি হওয়া চরম নিরাপত্তাহীনতার মধ্যে পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment