দৈনিক পূর্বাচল
নিজস্ব প্রতিবেদক:
পল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। তিনি অভিযোগ করেছেন, একটি মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে এই বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে যুবদল সভাপতি বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেছেন—‘১১ দলের দাবি মেনে নিলেই ককটেল বিস্ফোরণ ঘটবে না।’ এর মাধ্যমেই স্পষ্ট প্রমাণিত হয় যে, তারাই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা অবিলম্বে তাকে আইনের আওতায় এনে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
তিনি আরও বলেন, যারা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছেন, দেশের জনগণ তাদের চিনে ফেলেছে।
ইসলামি দলগুলোর প্রসঙ্গ টেনে মোনায়েম মুন্না বলেন, “সুবিধাবঞ্চিত একটি সন্তান মরিয়মের কথা বলতে চাই। জাতীয় সংসদ নির্বাচন করার অধিকারের পথ রুদ্ধ করার পেছনে একজনের ইন্ধনে আজ মেয়েটির এমন দশা হয়েছে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং মরিয়মের ওপর চলা অবিচারের সঠিক বিচার দাবি করছি। অতীতেও এই চক্রের মুনাফেকি আচরণ দেশবাসী দেখেছে। আমাদের সন্দেহ, এরা কোনো বিশেষ মহলের ইশারায় এবং মুনাফেকি চক্রান্তের মাধ্যমে ফ্যাসিস্ট শক্তিকে পুনর্বাসিত করতে চায়।”
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মারের সমালোচনা করে যুবদল সভাপতি বলেন, “তিনি একজন উন্মাদ এবং জাতীয় সম্পদ ধ্বংসের সঙ্গে সরাসরি জড়িত। তাকেও দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আস্থার কথা পুনর্ব্যক্ত করে মোনায়েম মুন্না বলেন, “জনগণ তারেক রহমানকে দেশের দায়িত্ব দিয়েছে। তার সুযোগ্য নেতৃত্বেই দেশ এগিয়ে যাচ্ছে। তার হাতকে আরও শক্তিশালী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সমাবেশে যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন বলেন, “যুবদল কোনো হুমকি-ধমকিকে ভয় পায় না। ককটেল ফুটিয়ে আমাদের ভয় দেখানো যাবে না।”
নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, “আপনারা গোপন চক্রান্তে লিপ্ত হয়েছেন। যুবদলের সৈনিকেরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। পালানোর সুযোগও আপনারা পাবেন না।”


