দৈনিক পূর্বাচল
বিনোদন ডেস্ক:
জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে অভিনেতা সাইদুর রহমান পাভেলকে বাদ দেওয়া হয়েছে—এমন গুঞ্জনে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। সম্প্রতি পাভেলের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এর মধ্যেই নির্মাতা কাজল আরেফিন অমির দেওয়া একটি শিল্পীর তালিকাকে কেন্দ্র করে এই গুঞ্জন আরও জোরালো হয়েছে।
গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পরিচালক কাজল আরেফিন অমি তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শিল্পীদের একটি তালিকা প্রকাশ করেন। ওই তালিকায় ধারাবাহিকটির নিয়মিত ও পরিচিত মুখগুলোর নাম থাকলেও সেখানে সাইদুর রহমান পাভেলের নাম দেখা যায়নি। আর এ বিষয়টিই ভক্ত ও দর্শকদের মধ্যে নতুন করে জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।
ভাইরাল ভিডিও ও দর্শকের প্রতিক্রিয়া সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া অমির ওই তালিকা এবং অভিনেতা পাভেলের সাম্প্রতিক ভাইরাল ভিডিও নিয়ে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। দর্শকদের একটি বড় অংশের ধারণা, ভিডিওটি ভাইরাল হওয়ার ঘটনার পরই হয়তো ধারাবাহিকটিতে পাভেলের চরিত্র বা উপস্থিতি নিয়ে বড় ধরনের পরিবর্তন এনেছেন নির্মাতা।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত নির্মাতা কাজল আরেফিন অমি কিংবা অভিনেতা পাভেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সুনির্দিষ্ট মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, ধারাবাহিকটিতে পাভেলের অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছিল।


