আন্তর্জাতিক

সৌদি আরবের বিভিন্ন শহরে ফের ‘সম্ভাব্য বিপদ’-এর জরুরি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক পূর্বাচল

সতর্কতা প্রত্যাহারের মাত্র কয়েক মিনিটের ব্যবধানে সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আবারও ‘সম্ভাব্য বিপদ’-এর জরুরি সতর্কতা জারি করেছে দেশটির সিভিল ডিফেন্স। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে এই নতুন সতর্কতা জারি করা হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এবং বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, জাজান ও আবহা ছাড়াও খামিস মুশাইত, জেদ্দা, তায়েফ, ইয়ানবু গভর্নরেট এবং আল-উলা নতুন সতর্কতার আওতাভুক্ত রয়েছে। জাতীয় জরুরি প্রাথমিক সতর্কীকরণ প্ল্যাটফর্মের (National Early Warning Platform) মাধ্যমে এসব এলাকার বাসিন্দাদের সতর্কবার্তা পাঠানো হয়।

নির্দিষ্ট কারণ জানানো হয়নি

কর্তৃপক্ষ নতুন এই সতর্কবার্তায় ঠিক কী ধরনের বিপদের আশঙ্কা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো বিবরণ প্রকাশ করেনি। তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে সাম্প্রতিক সময়ে সৌদি আরবের চলমান উত্তেজনার প্রেক্ষাপটেই এই ধারাবাহিক সতর্কতা জারি করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত কয়েক দিনেও জেদ্দা, তায়েফ, আবহা ও জাজানসহ বিভিন্ন অঞ্চলে একাধিকবার জরুরি সতর্কতা ও পরবর্তী সময়ে তা প্রত্যাহারের ঘটনা ঘটেছিল।

নিরাপত্তা নির্দেশিকা মেনে চলার আহ্বান

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সম্পূর্ণ সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি স্থানীয় ও স্বরাষ্ট্র কর্তৃপক্ষের দেওয়া নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে:

  • খোলা জায়গা, জানালা, ব্যালকনি ও ছাদ থেকে দূরে নিরাপদ ঘরের ভেতরে অবস্থান করা।

  • বাইরে থাকা অবস্থায় দ্রুত নিকটস্থ মজবুত বিল্ডিংয়ের ভেতরে আশ্রয় নেওয়া।

  • জরুরি অবস্থা কাট না পর্যন্ত অফিসিয়াল চ্যানেলগুলোর নির্দেশনা মেনে চলা।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে সৌদি আরবজুড়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দেশটির সংশ্লিষ্ট নিরাপত্তা বিভাগ।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment