রাজনীতি

শেখ হাসিনাকে ফিরিয়ে আনায় সরকারের অবস্থান স্পষ্ট: ডা. জাহেদ/দৈনিক পূর্বাচল

দৈনিক পূর্বাচল

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, তাকে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার আওতায় নিতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকারের অবস্থানে কোনো দ্বৈততা বা কৌশলগত দ্বিধা নেই বলে স্পষ্ট করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ডা. জাহেদ জানান, পলাতক ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। ভারতের ওপর চাপ সৃষ্টির জন্য প্রত্যর্পণের দাবি তোলার কোনো কৃত্রিম কৌশল সরকারের নেই উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর তার আর আপিল বা বিচার পুনর্বিবেচনার সুযোগ নেই।

এ সময় ভারতে বসে শেখ হাসিনার বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়াকে অপ্রত্যাশিত উল্লেখ করে দেশটির ভূমিকার সমালোচনা করেন উপদেষ্টা। তিনি বলেন, প্রত্যর্পণ না হওয়া পর্যন্ত তিনি যেন এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকেন, সে বিষয়ে ভারত সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। শেখ হাসিনার বক্তব্যে বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ ও অসন্তোষের বিষয়টি দিল্লির অনুধাবন করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment