রাজনীতি

শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করার অবস্থান ভারতের, ঢাকায় নিরাপত্তা ও চিকিৎসার অনুরোধ

দৈনিক পূর্বাচল

নিজস্ব প্রতিবেদক:

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেপ্তার বা আটকের মুখোমুখি হলে তাঁর নিরাপত্তা ও উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করার জন্য ঢাকাকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে নয়াদিল্লি।

সোমবার (৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম ‘আনন্দবাজার’-এ সাংবাদিক অনির্বাণ দাসগুপ্তের লেখা একটি বিশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এর প্রায় এক মাস আগে ভারতের একটি উচ্চপর্যায়ের গোয়েন্দা প্রতিনিধিদল ঢাকা সফর করে বাংলাদেশের ঊর্ধ্বতন নীতিনির্ধারক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। ওই বৈঠকে প্রতিনিধিদলটি হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়ে ভারতের চূড়ান্ত কূটনৈতিক অবস্থান স্পষ্ট করে। ভারতীয় গোয়েন্দারা সাফ জানিয়ে দেন, কোনো অবস্থাতেই সাবেক এই প্রধানমন্ত্রীকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে না।

তবে শেখ হাসিনা দেশে ফেরার জন্য আগ্রহী এবং তিনি আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা বারবার প্রকাশ করছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের মতে, তিনি ঠিক কোন পদ্ধতিতে বা কীভাবে দেশে ফিরবেন, সে বিষয়ে আওয়ামী লীগের হাইকমান্ড এখনো কোনো সুনির্দিষ্ট রূপরেখা চূড়ান্ত করতে পারেনি।

বৈঠকে ঢাকা সফরকারী ভারতীয় প্রতিনিধিদলটি বর্তমান প্রশাসনকে কঠোরভাবে বার্তা দিয়ে বলেছে, শেখ হাসিনার সঙ্গে কোনো ধরনের ‘অসম্মানজনক আচরণ’ করা উচিত হবে না। তাঁকে দেশে ফিরিয়ে আটক বা আইনের আওতায় নেওয়া হলে যেন তাঁর ব্যক্তিগত নিরাপত্তা এবং সুচিকিৎসার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হয়।

এদিকে আনন্দবাজারের ওই প্রতিবেদনে দুই দেশের নিরাপত্তা সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ উদ্বেগের কথাও উঠে এসেছে। এতে বলা হয়, বর্তমানে বাংলাদেশের ভূখণ্ডে লস্কর-ই-তৈয়বার অন্তত ছয়জন সন্দেহভাজন সদস্যের উপস্থিতি নিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এর মধ্যে চারজন সদস্য অতীতে ভারতের কাশ্মীরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment