বিনোদন ডেস্ক:
ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে প্রবাসে হামলার ও চরম হেনস্তার শিকার হয়েছেন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের প্রবাসে থাকা কিছু নেতাকর্মীর বিরুদ্ধে তাকে ‘জুলাই জঙ্গি’ ও ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে শারীরিক লাঞ্ছনার এই অভিযোগ উঠেছে।
সোমবার (০৮ সেপ্টেম্বর) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসে ঘটনার বিস্তারিত তুলে ধরেন অভিনেত্রী।
লাইভ ভিডিওতে ভায়াবহ সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে বাঁধন বলেন, “আমি আমার ভাইয়ের সাথে পার্কে গিয়েছিলাম। কিন্তু সেখানে একদল প্রবাসী বাঙালি এসে আমাকে শারীরিকভাবে হেনস্তা করে। তারা আমার গায়ে পানি ও কোল্ডড্রিংকস ছুঁড়ে মারে, যার কারণে আমি সম্পূর্ণ ভিজে যাই। সে সময় আমার সঙ্গে আমার ভাইয়ের ছোট সন্তানও ছিল।”
ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “তারা আমার গায়েও হাত তুলেছে, আমার ফোন কেড়ে নিয়ে ফেলে দিয়েছে এবং কানের এখানে আঘাত করেছে। হামলাকারীরা নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ দাবি করে আমাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করার চেষ্টা করে এবং পুরো বিষয়টি ভিডিও ধারণ করে লাইভ ও আপলোড করছিল।”
জুলাই গণঅভ্যুত্থানে নিজের অবস্থানের কথা স্পষ্ট করে এই অভিনেত্রী বলেন, “তারা আমাকে ‘জুলাই যোদ্ধা’ বলে আক্রমণ করেছে। হ্যাঁ, আমি জুলাই যোদ্ধা; আমি অবশ্যই জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছি। কিন্তু যে সিনেমাটি নিয়ে আমি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে এসেছি, সেটির পরিচালক রুবাইয়াত হোসেন—যাঁর বাবা একসময় আপনাদেরই একজন সম্মানিত মন্ত্রী ছিলেন। আপনারা একটু খোঁজ নিয়ে দেখলেই তা জানতে পারবেন। আমি তাঁর সঙ্গেই জুলাইয়ের পরে কাজটি করেছি।”
অভিনেত্রী আরও বলেন, “আপনারা প্রবাসে বসে আজ যে আচরণ করলেন, তা অত্যন্ত অসংলগ্ন ও দুঃখজনক। ভেবেছেন এভাবে হয়তো আপনারা নিজেদের রাজনৈতিক জায়গা পুনরায় সুগঠিত করতে পারবেন, কিন্তু এই ধরনের সহিংস আচরণ দিয়ে তা কোনোভাবেই সম্ভব নয়।”
এদিকে চাঞ্চল্যকর এই ঘটনার পর প্রতিকার চেয়ে ভেনিসের একটি স্থানীয় থানায় অভিনেত্রী আজমেরী হক বাঁধন একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে ইতালির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা অভিযুক্ত পক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো প্রকাশ্য হয়নি। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দেশের একজন খ্যাতিমান শিল্পীর ওপর এমন হামলার ঘটনায় দেশে ও প্রবাসের সাংস্কৃতিক অঙ্গনে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।


