বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের সোনালী যুগের দাপুটে অভিনেত্রী নাসিমা খান আর নেই | দৈনিক পূর্বাচল

বিনোদন ডেস্ক, দৈনিক পূর্বাচল:

বাংলা ও উর্দু চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী নাসিমা খান ৮২ বছর বয়সে মারা গেছেন। তাঁর প্রয়াণে চলচ্চিত্র অঙ্গনে গভীর শোক। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।

বাংলা ও উর্দু চলচ্চিত্রের ষাট থেকে আশির দশকের খ্যাতনামা ও দাপুটে অভিনেত্রী নাসিমা খান পরলোক গমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১১ অক্টোবর) রাত ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সূত্রে জানা গেছে, প্রবীণ এই অভিনেত্রী গত কয়েক দিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। গুণী এই শিল্পীর প্রয়াণে চলচ্চিত্র প্রাঙ্গণে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশের চলচ্চিত্রের সূচনা পর্বের অন্যতম অগ্রদূত ছিলেন নাসিমা খান। ১৯৫৯ সালে বিখ্যাত ‘জাগো হুয়া সাভেরা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে রূপালী পর্দায় তাঁর অভিষেক ঘটে। এরপর ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ সিনেমায় মূল নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেই তিনি দর্শক হৃদয়ে ঝড় তোলেন।

সুদীর্ঘ ক্যারিয়ারে তিনি আনোয়ার হোসেন, হাসান ইমাম, রহমান, মুস্তফা, আজিম ও হারুনের মতো কিংবদন্তি অভিনেতাদের বিপরীতে মূল নারী চরিত্রে অভিনয় করেছেন। তাঁর অভিনীত কালজয়ী সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— ‘সূর্যস্নান’, ‘ধারাপাত’, ‘কার বউ’, ‘উজালা’, ‘বেগানা’, ‘আপন দুলাল’, ‘উলঝন’, ‘ম্যায় ভি ইনসান হু’, ‘দুই ভাই’, ‘গৌরী’, ‘আমার বৌ’ এবং ‘ঢেউয়ের পরে ঢেউ’।

দীর্ঘ বিরতির পর ২০১১ সালে ইমপ্রেস টেলিফিল্মের ‘কুসুম কুসুম প্রেম’ সিনেমায় সর্বশেষ অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। তাঁর প্রয়াণে বাংলা চলচ্চিত্রের স্বর্ণালী এক অধ্যায়ের অবসান ঘটল।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment