রাজনীতি

অপরাধে জিরো টলারেন্স: পদত্যাগ করলেন এমপি মিষ্টি, সতর্ক মন্ত্রী-এমপিরাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দৈনিক পূর্বাচল

স্বাস্থ্যকেন্দ্র দখলচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় সমালোচনার মুখে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ এবং দলীয় কমিটি বিলুপ্তির ঘটনাকে রাজনৈতিক অঙ্গনে একটি কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনায় তৃণমূলের নেতাকর্মীরা যেমন সতর্ক হয়েছেন, তেমনি সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যেও নতুন করে সতর্কতা তৈরি হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক ও দায়িত্বশীল মহল মনে করছেন, এটি শুধু একজন নেত্রীর বিরুদ্ধে সাংগঠনিক বা প্রশাসনিক ব্যবস্থা নয়; বরং এটি সরকারের ভাবমূর্তি রক্ষায় শীর্ষ নেতৃত্বের আপসহীন অবস্থানের এক বড় দৃষ্টান্ত।

মন্ত্রী-এমপিদের জন্য কঠোর বার্তা

সরকারের দায়িত্বশীল সূত্রগুলোর মতে, এই ঘটনাটি মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। সরকারের ইমেজ ক্ষুণ্ন হয়— এমন কোনো কর্মকাণ্ডে কেউ জড়ালে দল বা সরকারপ্রধান কোনো ছাড় দেবেন না। জনপ্রত্যাশাকে ধারণ করে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে রাষ্ট্র পরিচালনা নিশ্চিত করতেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও দলের নেতা রাশেদ খান গণমাধ্যমকে বলেন, “স্বচ্ছতার সঙ্গে রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে সবার ওপর নির্দেশনা রয়েছে। সরকারকে বিব্রত করে দল বা সরকারের কেউ এমন কর্মকাণ্ডে জড়ালে প্রধানমন্ত্রী তাকে কোনো ছাড় দেবেন না।”

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনা ও তাৎক্ষণিক পদক্ষেপ

সম্প্রতি রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে সত্যতার প্রমাণ মেলায় তাৎক্ষণিক কঠোর পদক্ষেপ নেন দলীয় প্রধান ও সরকারপ্রধান। এর অংশ হিসেবে সংসদ সদস্য মিষ্টিকে পদত্যাগ করার নির্দেশনা দেওয়া হয় এবং ঢাকা মহানগর উত্তর বিএনপিসহ কয়েকটি সহযোগী সংগঠনের কমিটি বিলুপ্ত করা হয়।

নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, “মিষ্টির বিরুদ্ধে এখনো অভিযোগ বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত না হলেও দল তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে, অপরাধী যেই হোক না কেন, দল বা সরকার কাউকেই ছাড় দেয় না।”

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “কেউ সংগঠনবিরোধী বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো কার্যক্রমে জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি— উভয় ব্যবস্থাই নেওয়া হচ্ছে।”

শরিক দলগুলোর ইতিবাচক প্রতিক্রিয়া

এদিকে সরকারের এমন সিদ্ধান্তকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিকরা। ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেন, “এমপি পদ থেকে মিষ্টির পদত্যাগ সরকারের কঠোর রাজনৈতিক সদিচ্ছার বহিঃপ্রকাশ। দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে এটি একটি জোরালো জবাব।”

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment