৩ বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন শুরু

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিকভাবে প্রতি রবিবার অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়াসহ ছোটখাটো অপারেশন করা হবে।

দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৫ জুলাই) সকাল ১০টায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী অ্যাডভোকেট রুহুল আমিন এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা জানান, প্রাথমিকভাবে প্রতি রবিবার নিয়মিত অপারেশন কার্যক্রম পরিচালিত হবে। এ পর্যায়ে অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া, ফিস্টুলাসহ বিভিন্ন ছোটখাটো অপারেশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে গাইনি বিশেষজ্ঞ না থাকায় আপাতত সিজারিয়ান অপারেশন চালু করা সম্ভব হচ্ছে না। তবে দ্রুত একজন গাইনি চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসক যোগদান করলেই সিজারিয়ান অপারেশনও শুরু করা হবে।

ডা. ফাহমিদা আক্তার রুনা রোগীদের উদ্দেশ্যে বলেন, “বাইরে বেসরকারি ক্লিনিকে অপারেশন করানোর আগে রোগীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে জেনে নিতে পারেন কোন কোন অপারেশন এখানে হচ্ছে। এতে তারা স্বল্প খরচে সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।”

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা নায়েবে আমির সাখাওয়াত হোসেন, পৌর আমির মাওলানা ফিরোজ হোসাইন, পৌর সেক্রেটারি ইব্রাহিম খলিলসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   5   =