রাজধানীর সৌন্দর্য পুনরুদ্ধার এবং জলাধার রক্ষায় কঠোর অবস্থানে নেমেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। হাতিরঝিল থেকে গুলশান লেকপাড় পর্যন্ত গড়ে ওঠা সব অবৈধ স্থাপনা উচ্ছেদে সমন্বিত অভিযান শুরু করেছে সংস্থাটি।
শুক্রবার সকালে গুলশান এলাকার গুদারঘাট থেকে কালাচাঁদপুর পর্যন্ত পরিচালিত অভিযানে ভেঙে ফেলা হয় অসংখ্য দোকানপাট, অবৈধ স্থাপনা এবং রাজনৈতিক দলের অস্থায়ী কার্যালয়।
অভিযানে উপস্থিত রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ হাসান জানান, নগর পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন এবং পরিবেশ রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান একদিনের নয়, বরং এটি একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতে যেন পুনরায় এসব স্থানে অবৈধ দখল গড়ে না ওঠে, সে জন্য নিয়মিত তদারকির লক্ষ্যে বিশেষ মনিটরিং টিম গঠনের পরিকল্পনাও রয়েছে।


