নিজস্ব প্রতিবেদক | ডেইলি পূর্বাচল
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় দুইটি লাশ উদ্ধার ও এক ব্যক্তি নিখোঁজের রহস্য উদঘাটন করেছে পুলিশ। লাশ উদ্ধারের মাত্র ১০ ঘণ্টার মধ্যেই মঠবাড়িয়া থানা পুলিশের তদন্তে ঘটনাটির প্রকৃত কারণ সামনে আসে।
রোববার (১ জুন) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পিরোজপুরের মনজুর আহমেদ সিদ্দিকী।
পুলিশ সুপার জানান, গত ৩১ মে সকাল সোয়া ৮টার দিকে মঠবাড়িয়া থানার দক্ষিণ আমড়াগাছিয়া এলাকায় রাস্তার পাশে একটি মক্তবের বারান্দা থেকে আব্দুর রশিদ বেপারীর লাশ এবং ঘটনাস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে সাগর হাওলাদারের লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশের দুটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। লাশে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকায় আলামত সংগ্রহে সিআইডির ফরেনসিক টিমকে ডাকা হয়।
তদন্তে পুলিশ জানতে পারে, ইউসুফ আলী প্যাদা ও শহিদুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি মৃত দুইজনসহ ৭-৮ জন শ্রমিককে এক হাজার টাকা মজুরিতে তথাকথিত ‘ম্যাগনেটিক পিলার’ খোঁড়ার কাজে নিয়োগ দেন। এ বিষয়ে কাউকে কিছু না বলার জন্য শ্রমিকদের কোরআন শরীফ ছুঁয়ে শপথও করানো হয়।
একপর্যায়ে শ্রমিকরা আমড়াগাছিয়া এলাকার একটি নতুন পুকুরে খননকাজ শুরু করলে উপর থেকে বড় একটি মাটির অংশ ধসে পড়ে। এতে চারজন শ্রমিক মাটিচাপা পড়েন। তাদের মধ্যে দুজনের শরীরের কিছু অংশ বাইরে থাকলেও অপর দুজন পুরোপুরি মাটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় ইউসুফ আলী প্যাদা ও শহিদুল ইসলামকে এজাহারভুক্ত আসামি করে অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় দণ্ডবিধির ৩০৪(এ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

