জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি আসার পথে সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার পরিবারের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। আজ সোমবার আসরের নামাজের পর জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এই হামলার ঘটনা ঘটে।
এই হামলায় গুরুতর আহত হয়েছেন এমপি আমির হামজার শালা ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর এবং তাঁর ব্যক্তিগত গাড়িচালক সাদ্দাম হোসেন।
অভিযুক্ত হামলাকারীরা হলেন— হাসাদাহ বাজারের স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান মোস্তাক এবং তাঁর দুই ছেলে শাহরিয়ার ও রিমন।
ভুক্তভোগী সাংবাদিক আবু বক্কর জানান, “কুষ্টিয়া থেকে দুলাভাই এমপি আমির হামজা একটি গাড়িতে এবং আমি ও আমার বোনসহ (এমপির স্ত্রী) পরিবারের কয়েকজন আরেকটি গাড়িতে জীবননগর আসছিলাম। আমাদের গাড়িটি হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইকের কারণে যানজটের সৃষ্টি হয় এবং গতি রোধ হয়। এ সময় বারবার হর্ন দেওয়ার পরও ইজিবাইকটি না সরালে আমাদের গাড়িচালক নিচে নেমে কথা বলেন। ইজিবাইক চালক নিজের ভুল স্বীকার করে দুঃখ প্রকাশও করেন।”
তিনি আরও জানান, “ঠিক ওই মুহূর্তেই হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে মোস্তাক ও তাঁর ছেলেরা এসে আমাদের ওপর চড়াও হয় এবং অতর্কিত হামলা চালায়। আমি এমপি আমির হামজার শালা পরিচয় দিলে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমার মুখে সজোরে আঘাত করে। এ সময় আমার বোন গাড়ি থেকে নেমে এগিয়ে আসলে হামলাকারীরা তাঁকে এবং এমপি আমির হামজাকে জড়িয়ে চরম অকথ্য ভাষায় গালিগালাজ করে।”
এদিকে ঘটনার খবর পাওয়া মাত্রই জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখসহ থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। উদ্ভূত পরিস্থিতিতে এমপি মুফতি আমির হামজা ও তাঁর পরিবারের সদস্যরা বর্তমানে জীবননগর থানায় অবস্থান করছেন।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়েই আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। বর্তমানে এমপি সাহেবসহ তাঁর পরিবারের সদস্যরা নিরাপদে থানায় রয়েছেন। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

