পরিচালকের বিরুদ্ধে অভিযোগ জেবা জান্নাতের

পরিচালক হাসান জাহাঙ্গীরের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে চলছে তুমুল বিতর্ক। একের পর এক অভিযোগে সিনেমাটি এখন আলোচনার কেন্দ্রে। কদিন আগেই চিত্রনায়িকা মৌসুমী অভিযোগ করেছিলেন, ‘এটি কোনো সিনেমা নয়, নাটকের কথা বলেই যুক্তরাষ্ট্রে এটির শুটিং হয়েছিল।’

মৌসুমীর পর এবার সিনেমাটি নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেত্রী জেবা জান্নাত।

সিনেমার পোস্টারে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে জেবা জান্নাতকেও দেখা গেছে। কিন্তু এ বিষয়ে তিনি কোনো কিছুই জানেন না বলে জানিয়েছেন। এমনকি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামে কোনো সিনেমা কিংবা নাটকে তিনি অভিনয়ই করেননি বলেও জানান।

পরিচালক হাসান জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করে কোনো সদুত্তর না পেয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডসহ চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনে লিখিত অভিযোগ করেছেন জেবা জান্নাত।

এর সঙ্গে টেলিভিশন অভিনেতার সংগঠন অ্যাক্টরস ইকুইটিতেও লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। গত বুধবার অভিযোগ জানালেও এখন পর্যন্ত এই জটিলতার কোনো সমাধান হয়নি বলে জানান এ জেবা জান্নাত।

লিখিত অভিযোগে জেবা লিখেছেন, ‘হাসান জাহাঙ্গীর নামক এক পরিচালক এবং অভিনেতার সঙ্গে মৌখিকভাবে একক নাটকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হই।

নাটকে আমার সহশিল্পী হিসেবে সিয়াম মৃধাকে রাখা হয়। কিন্তু সিয়াম মৃধার সঙ্গে আমার অভিনয়ের পরিবর্তে হাসান জাহাঙ্গীরের সঙ্গে আমাকে অভিনয় করানো হয়। আমি প্রশ্ন করলে তিনি বলেন, ‘এটা স্বপ্নের একটা দৃশ্য।’ বিষয়টি নিয়ে আমি আর কথা বাড়াইনি।’

তিনি অভিযোগে আরও লিখেছেন, ‘শুটিং শেষ হওয়ার অনেক সময় পর হঠাৎ দেখি আমার ছবিযুক্ত বাংলা সিনেমার পোস্টার সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে। বিষয়টি দেখে আমি যারপরনাই হতাশ। পরে আমি হাসান জাহাঙ্গীরের কাছে বিষয়টি জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি। যেখানে সিনেমা করা নিয়ে দুই পক্ষের মধ্যে কোনো চুক্তি হয়নি, যা সে দেখাতে পারে।’

বিষয়টি নিয়ে জেবা জান্নাত সংবাদমাধ্যমকে বলেন, ‘এখন ঈদের শুটিংয়ের ব্যস্ত সময় যাচ্ছে। কিন্তু এর মধ্যে “কন্ট্রাক্ট ম্যারেজ” ইস্যু নিয়ে মানসিকভাবে এতই বিধ্বস্ত যে কোনো কাজে মন দিতে পারছি না। নাটক–সিনেমার সব সংগঠনের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেছি, এখন পর্যন্ত কোনো সহযোগিতা পাইনি। এভাবে চলতে থাকলে সে ঠিকই সিনেমা হিসেবে “কন্ট্রাক্ট ম্যারেজ” মুক্তি দেবে!’

জেবা জান্নাত আরও বলেন, ‘আমি আমার ক্যারিয়ার নিয়ে ভাবছি না। লড়াইটা আমার ক্যারিয়ারের জন্যও না। তিনি যে কাজটা করেছেন তা সম্পূর্ণ অনৈতিক। একজন মানুষ এমন অনৈতিক কাজ করে পার পেয়ে যাবে!’

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   9   =