রূপগঞ্জে রংতুলি ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় স্বেচ্ছাসেবী সংগঠন “রংতুলি ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ”-এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে। সমাজে রক্তদানের গুরুত্ব তুলে ধরা এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পিংয়ে স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

শুক্রবার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় দিনব্যাপী এ স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ক্যাম্পিংয়ে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে ব্লাড গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষা করান।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন হাসপাতালে প্রতিনিয়ত অসংখ্য রোগী রক্তের অভাবে ভোগেন। জরুরি মুহূর্তে রক্তদাতা খুঁজে পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। তাই তরুণ সমাজসহ সাধারণ মানুষের মাঝে রক্তদানের মানবিক গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ক্যাম্পিং চলাকালে উপস্থিত মানুষের মাঝে রক্তদানের উপকারিতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং মানবিক সহায়তার গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়। পাশাপাশি রক্তদানে আগ্রহী ব্যক্তিদের উদ্বুদ্ধ করতে লিফলেট বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও সচেতনতা কার্যক্রম মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। তারা ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

রংতুলি ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের সদস্যরা বলেন,

“মানবতার সেবায় কাজ করাই আমাদের মূল লক্ষ্য। রক্তদান একটি মহৎ কাজ, যা একজন মানুষের জীবন বাঁচাতে পারে। আমরা চাই সমাজের প্রতিটি মানুষ স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসুক এবং মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হোক।”

তারা আরও জানান, ভবিষ্যতেও রূপগঞ্জের বিভিন্ন এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা, রক্তদান সচেতনতা কর্মসূচি এবং মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।

অনুষ্ঠান চলাকালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ স্বেচ্ছাসেবক ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি উৎসবমুখর ও মানবিক পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 9   +   10   =