সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চলচ্চিত্র পরিচালক এফ. আই. মানিক, ঢামেকে ভর্তি

 বিনোদন প্রতিবেদক:
ঢালিউডের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক এফ. আই. মানিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজধানীর নিকেতনে নিজ বাসায় ফেরার পথে হাতিরঝিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এফ. আই. মানিক বেগুনবাড়ী মোড় অতিক্রম করে হাতিরঝিল গোলচক্কর থেকে নিকেতন রোডের দিকে যাওয়ার সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় তিনি সড়কের ওপর ছিটকে পড়েন এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

প্রাথমিকভাবে চিকিৎসকেরা জানিয়েছেন, দুর্ঘটনায় তার বাম হাত ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম ও ক্ষতের সৃষ্টি হয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা (এক্স-রে ও অন্যান্য টেস্ট) সম্পন্ন হওয়ার পর তার শারীরিক অবস্থার বিস্তারিত এবং শরীরের অন্য কোথাও হাড় ভেঙেছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা।

এফ. আই. মানিকের আকস্মিক এই দুর্ঘটনার খবরে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর দীর্ঘদিনের সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সাথে এই কঠিন সময়ে দেশের জনপ্রিয় এই নির্মাতার পাশে দাঁড়াতে তাঁর পরিচিতজন ও বন্ধুদের প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, এফ. আই. মানিক ঢাকাই চলচ্চিত্রের অত্যন্ত সফল ও গুণী একজন পরিচালক। তাঁর পরিচালিত অসংখ্য জনপ্রিয় সিনেমা দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 6   +   1   =