রূপগঞ্জে হাইওয়ে পুলিশের নীরবতায় মহাসড়কে নিষিদ্ধ থ্রী-হুইলারের দৌরাত্ম্য

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কে দিন দিন বেড়েই চলছে নিষিদ্ধ ব্যাটারিচালিত থ্রী-হুইলারের বেপরোয়া চলাচল। স্থানীয়দের অভিযোগ, মাসোয়ারার বিনিময়ে কিছু অসাধু চক্রের ছত্রছায়ায় মহাসড়কে অবাধে চলাচল করছে এসব যানবাহন। ফলে চরম ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছেন সাধারণ মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুলতা, গাউছিয়া, গোলাকান্দাইলসহ মহাসড়কের বিভিন্ন অংশে সকাল থেকে গভীর রাত পর্যন্ত শত শত থ্রী-হুইলার চলাচল করছে। আইন অনুযায়ী মহাসড়কে এসব যান চলাচল নিষিদ্ধ হলেও বাস্তবে তা মানা হচ্ছে না।
এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত মাসিক টাকা দিলেই নির্বিঘ্নে চলতে পারছে অবৈধ যানবাহন। মাঝে মধ্যে অভিযান পরিচালনা করা হলেও সেটিকে লোক দেখানো বলেই মনে করছেন অনেকে। এমনকি অভিযানের আগেই চালকদের কাছে খবর পৌঁছে যায় বলেও অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক বলেন, “মাসিক টাকা দিলে সমস্যা হয় না। অভিযান হওয়ার আগেই খবর পেয়ে যাই।”
স্থানীয় সচেতন মহলের মতে, ধীরগতির এসব যানবাহনের কারণে ঢাকা–সিলেট মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দ্রুতগতির বাস ও ট্রাকের সঙ্গে প্রায়ই অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানোর ঘটনা ঘটছে।
এলাকাবাসীর প্রশ্ন— মহাসড়কে নিষিদ্ধ যান চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা কোথায়? আইন কি শুধু সাধারণ মানুষের জন্যই? দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর নজরদারি কেন দৃশ্যমান নয়?
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ জসিম। তিনি বলেন, “আমরা কোনো মাসোয়ারার টাকা নেই না।”
এ বিষয়ে অভিযোগের সত্যতা নেই বলেও দাবি করেন তিনি।
এলাকাবাসীর দাবি, দ্রুত অবৈধ থ্রী-হুইলারের দৌরাত্ম্য বন্ধ করে মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 10   +   2   =