পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট চিকিৎসক ডা. জামাল মিয়া শোভন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক (Assistant Director) হিসেবে যোগদান করেছেন। মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় অনন্য অবদান এবং সুনামের স্বীকৃতিস্বরূপ তিনি এই পদোন্নতি লাভ করেন। বর্তমানে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই গুরুত্বপূর্ণ পদে সুনর্বহাল রয়েছেন।
মেধার স্বাক্ষর ও শিক্ষাজীবন-
ডা. জামাল মিয়া শোভন শৈশব থেকেই একজন অত্যন্ত মেধাবী ছাত্র হিসেবে পরিচিত ছিলেন। মঠবাড়িয়া কে এম লতিফ ইনস্টিটিউশনে অধ্যয়নকালে তিনি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অত্যন্ত কৃতিত্বের সাথে ‘এ’ সেকশনে প্রথম স্থান (ফার্স্ট বয়) অধিকার করেন। পরবর্তীতে নবম শ্রেণীতেও তিনি দ্বিতীয় স্থান (সেকেন্ড বয়) বজায় রাখেন।
তিনি ১৯৯২ সালে ঐতিহ্যবাহী কে এম লতিফ ইনস্টিটিউশন থেকে স্টারমার্কসহ ৮২৭ নম্বর পেয়ে এসএসসি (SSC) পাস করেন। এরপর ১৯৯৪ সালে মঠবাড়িয়া সরকারি কলেজ থেকেও পুনরায় স্টারমার্কসহ ৭৮৭ নম্বর পেয়ে কৃতিত্বের সাথে এইচএসসি (HSC) পাস করেন।
উচ্চশিক্ষা ও চিকিৎসাজীবনের শুরুতে তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় চিকিৎসালয় চট্টগ্রাম মেডিকেল কলেজে এমবিবিএস (MBBS) কোর্সে ভর্তির সুযোগ পান এবং ২০০৩ সালে সফলতার সাথে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবন ও সাফল্য-
এমবিবিএস পাসের পর তিনি বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে উত্তীর্ণ হয়ে সরকারি ডাক্তার হিসেবে তালিকাভুক্ত হন। একজন দক্ষ ও মানবতাবাদী চিকিৎসক হিসেবে কর্মজীবনে তিনি বিভিন্ন অঞ্চলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যন্ত সুনামের সাথে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বা টিএইচও (THO) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তাঁর দায়িত্বপ্রাপ্ত কর্মস্থলগুলোর মধ্যে রয়েছে:
মঠবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পিরোজপুর
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বাগেরহাট
ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, খুলনা
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিরাজগঞ্জ
মাঠপর্যায়ে চিকিৎসা ও প্রশাসনিক ক্ষেত্রে অসামান্য দক্ষতা দেখানোর পর, এই মেধাবী চিকিৎসককে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
একজন সৎ, দক্ষ ও কর্মঠ কর্মকর্তা হিসেবে ডা. জামাল মিয়া শোভন স্বাস্থ্যসেবা খাতকে আরও এগিয়ে নিতে বর্তমানে ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাঁর এই সাফল্যে মঠবাড়িয়াসহ সমগ্র জেলাজুড়ে আনন্দ ও গর্বের পরিবেশ বিরাজ করছে।

