নাটকের বাজারে মূল্যপতন: ১৬ বছরে উল্টো চিত্র, সংকটে দেশীয় টিভি শিল্প

ডেইলি পূর্বাচল | ২৬ এপ্রিল ২০২৬
বিনোদন প্রতিনিধি

 

 

দেশের টেলিভিশন নাটক শিল্পে গত দেড় দশকে অস্বাভাবিক মূল্যপতনের চিত্র উঠে এসেছে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ২০০৯–১০ সাল পর্যন্ত স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোতে একটি একক নাটক (৪০–৫০ মিনিট) সাধারণ সময়ে বিক্রি হতো প্রায় আড়াই থেকে সাড়ে তিন লাখ টাকায়। বিশেষ দিবস—যেমন ঈদ, পহেলা বৈশাখ, ভালোবাসা দিবস, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা ও বিজয় দিবসে—একই নাটকের মূল্য দাঁড়াত ৬ থেকে ৯ লাখ টাকা, ভালো কাস্টিং হলে তা ১০ লাখ টাকাও ছাড়িয়ে যেত।

তবে বর্তমান সময়ে সেই একই ধরণের নাটকের দাম নেমে এসেছে উল্লেখযোগ্যভাবে। এখন সাধারণ সময়ে একটি একক নাটক বিক্রি হয় আনুমানিক ১ লাখ ৮০ হাজার থেকে ২ লাখ টাকায় এবং বিশেষ দিবসে সর্বোচ্চ ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে।

একই চিত্র ধারাবাহিক নাটকের ক্ষেত্রেও। আগে প্রতি পর্ব (২০ মিনিট) বিক্রি হতো ১ লাখ থেকে ১ লাখ ২৫ হাজার টাকায়, যা বর্তমানে কমে দাঁড়িয়েছে ৪০ হাজার থেকে ৬৫ হাজার টাকায়। সংশ্লিষ্টদের মতে, সময়ের ব্যবধানে এই মূল্য বাড়ার কথা থাকলেও বাস্তবে ঘটেছে উল্টো।

খাত সংশ্লিষ্ট অনেকের অভিযোগ, কিছু প্রযোজক-পরিচালকের অতিরিক্ত লাভের প্রবণতা এবং কিছু টিভি চ্যানেলের অসাধু কর্মকর্তাদের সিদ্ধান্ত এই পরিস্থিতির জন্য দায়ী। এর ফলে প্রাতিষ্ঠানিক প্রযোজনা প্রতিষ্ঠান প্রায় বিলুপ্তির পথে এবং মানসম্মত নাটক নির্মাণ বাধাগ্রস্ত হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, পর্যাপ্ত বাজেটের অভাবে নাটকের গুণগত মান ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। এর প্রভাব পড়ছে দর্শক আগ্রহেও—অনেক দর্শক দেশীয় চ্যানেল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। একই সঙ্গে বিদেশি ডাবিংকৃত সিরিয়ালের প্রতি চ্যানেলগুলোর ঝোঁকও বাড়ছে, যা দেশীয় সংস্কৃতির জন্য হুমকি হিসেবে দেখা হচ্ছে।

নাট্যাঙ্গনের সংশ্লিষ্টরা মনে করছেন, শিল্পকে টিকিয়ে রাখতে ঐক্যবদ্ধ উদ্যোগ প্রয়োজন। টেলিভিশন চ্যানেলগুলোর সঙ্গে সমন্বয় করে যৌক্তিক পারিশ্রমিক নিশ্চিত করা এবং মানসম্মত কনটেন্ট নির্মাণের পরিবেশ তৈরি না হলে ভবিষ্যতে এই শিল্প আরও সংকটে পড়তে পারে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment

Prove your humanity: 2   +   3   =