জাতীয়

জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড দাবি প্রসিকিউশনের, দুনিয়া থেকে ‘পারসোনা নন-গ্রাটা’ করার আর্জি | দৈনিক পূর্বাচল

জাতীয় ডেস্ক | দৈনিক পূর্বাচল :

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি চেয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের যুক্তিতর্কে গুম-খুনের লোমহর্ষক বিবরণ তুলে ধরা হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এ আবেদন জানান।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শুনানি চলাকালে চিফ প্রসিকিউটর বলেন, জিয়াউল আহসান যে নৃশংস অপরাধ ঘটিয়েছেন, তাতে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার তার নেই। তার মতে, এ ধরনের অপরাধের একমাত্র শাস্তি মৃত্যুদণ্ডই হতে পারে।

‘পারসোনা নন-গ্রাটা’ মন্তব্যের ব্যাখ্যা

যুক্তিতর্কে ব্যবহৃত ‘পারসোনা নন-গ্রাটা’ শব্দের অর্থ ও প্রেক্ষাপট স্পষ্ট করে চিফ প্রসিকিউটর বলেন, কেবল সেনানিবাসে অবাঞ্ছিত ঘোষণা করাই যথেষ্ট নয়; সর্বোচ্চ দণ্ডের মাধ্যমে তাকে গোটা পৃথিবী থেকেই ‘পারসোনা নন-গ্রাটা’ বা অবাঞ্ছিত করা উচিত।

আইনের ২০-এ ধারার উল্লেখ করে আমিনুল ইসলাম জানান, অভিযোগ প্রমাণিত হলে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকেই তিনি প্রতীকী ও আক্ষরিক অর্থে জিয়াউল আহসানকে দুনিয়া থেকে ‘পারসোনা নন-গ্রাটা’ করার কথা বলেছেন, যার অর্থ তার বেঁচে থাকার অধিকার থাকতে পারে না। তবে সাজা ও দোষী সাব্যস্ত করার চূড়ান্ত বক্তব্য যুক্তিতর্কের সমাপনী পর্বে তুলে ধরা হবে।

শুনানিতে তিনি উল্লেখ করেন, মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানকে সেনানিবাসে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন। কিন্তু নিরপরাধ মানুষ হত্যার দায়ে অভিযুক্ত এই ব্যক্তির কোনো ছাড় পাওয়ার সুযোগ নেই।

১১৫ জন হত্যার অভিযোগ ও তদন্তের পরিধি

ট্রাইব্যুনালে প্রশ্ন তুলে চিফ প্রসিকিউটর বলেন, একজন মানুষ কীভাবে ১১৫ জনকে হত্যা করতে পারেন, অথচ সাক্ষীদের জবানবন্দিতে ১৫০ থেকে ২০০ জনকে হত্যার তথ্য উঠে এসেছে? এ বিষয়ে আরও গভীর তদন্তের প্রয়োজন হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, তদন্তে আপাতত ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেলেও গুমের ঘটনা নিয়ে তদন্ত অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রক্ষক থেকে ভক্ষকে পরিণত হওয়ার অভিযোগ

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়িত্ব পালনকারী কিছু সেনা কর্মকর্তার ভূমিকা প্রসঙ্গে আমিনুল ইসলাম মন্তব্য করেন, যাদের দায়িত্ব ছিল মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, তারা রক্ষকের বদলে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন।

পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিচারের আইনগত ও নৈতিক যৌক্তিকতা আজকের যুক্তিতর্কে তুলে ধরা হয়েছে। তিনি জানান, রাষ্ট্রপক্ষের সব সাক্ষীই জিয়াউল আহসানের সহকর্মী এবং প্রত্যক্ষদর্শী—যাদের সামনে কিংবা অংশগ্রহণে এসব ঘটনা ঘটেছিল।

দুর্গম নদীতে নিয়ে হত্যার বর্ণনা

সাক্ষীদের জবানবন্দি উদ্ধৃত করে চিফ প্রসিকিউটর জানান, প্রতিটি অভিযানে চার-পাঁচজন, কখনো ১১ জন বা তারও বেশি মানুষকে ধরে ট্রলারে করে বরিশালের চরদুয়ানী কিংবা বলেশ্বর নদীর দুর্গম এলাকায় নেওয়া হতো। সেখানে নানা ঘটনা সাজিয়ে তাদের হত্যা করা হতো; কারও ক্ষেত্রে বালিশ চাপা দিয়ে গুলি করা হতো, আবার কারও পেট কেটে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হতো।

লাশ গুম করার কৌশল সম্পর্কে তিনি বলেন, পানিতে ভাসিয়ে বা ডুবিয়ে রাখলে জলজ প্রাণীর কারণে অল্প সময়েই মরদেহ নষ্ট হয়ে যেত, ফলে সেগুলো উদ্ধারের সুযোগ থাকত না। তবু ১৬ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে এবং দুজনের মরদেহ উদ্ধার করা গেছে—যাদের একজন নজরুল ও অন্যজন সজল। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে টঙ্গীর আসলাম মাস্টার ব্রিজে সজলকে জিয়াউল আহসান নিজে গুলি করে হত্যা করেছিলেন বলে দাবি করেন তিনি।

চিফ প্রসিকিউটরের দেওয়া তথ্যমতে, সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী জিয়াউল আহসান ২০ থেকে ২৫ বার বরিশালের চরদুয়ানী বা বলেশ্বর নদীতে অভিযানে যান এবং প্রতিটি অভিযানেই একাধিক ব্যক্তিকে হত্যা করা হয়, যার কোনো কোনোটিতে সর্বোচ্চ ১১ জন প্রাণ হারান।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment