রাজনীতি

সিলেটে পুলিশের অভিযানে সাবেক এমপি বদির ছেলে ও ভাইসহ আটক ৪ | দৈনিক পূর্বাচল

নিজস্ব প্রতিবেদক, সিলেট | দৈনিক পূর্বাচল

সিলেট নগরীর জল্লারপাড়ের একটি অভিজাত হোটেলে ৫ ঘণ্টার অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক এমপি আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান, ভাই আমিনুর রহমানসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত পড়ুন দৈনিক পূর্বাচলে।

সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান এবং ভাই আমিনুর রহমান আমিনসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে নগরীর জল্লারপাড় এলাকায় অবস্থিত ‘গ্র্যান্ড প্যালেস’ হোটেল থেকে তাদের আটক করা হয়। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক অপর দুই ব্যক্তি হলেন সাবেক এমপি বদির ঘনিষ্ঠ সহযোগী সিআইপি আবদুস শুক্কুর এবং টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন।

পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, পুলিশ সদর দপ্তর থেকে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ও নির্দেশনার ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকেই গ্র্যান্ড প্যালেস হোটেলটি চারদিক থেকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভেতরে অবস্থানরত ব্যক্তিদের সঠিক পরিচয় ও অবস্থান নিশ্চিত হতে পুলিশের প্রায় পাঁচ ঘণ্টা সময় লাগে। পরবর্তীতে বুধবার ভোর ৫টার দিকে তাদের আটক করে এসএমপির কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

আটক ব্যক্তিরা ঠিক কী উদ্দেশ্যে সিলেটে আত্মগোপন বা অবস্থান করছিলেন এবং সুনির্দিষ্ট কোন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে—তাৎক্ষণিকভাবে সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আটক চারজনকে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment