কুষ্টিয়া প্রতিনিধি | দৈনিক পূর্বাচল:
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম পরিদর্শন শেষে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন পলাতক স্বৈরাচারীদের দিবা স্বপ্ন এ দেশের মানুষই রুখে দেবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনোই লাশের রাজনীতিতে বিশ্বাস করে না বরং জনগণের ভালোবাসাকে পুঁজি করেই দলটি এতদূর এগিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়েই আগামী দিনে সব ধরনের অন্যায় অবিচার এবং দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়া হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে জনসভাস্থল শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অতীতের সহিংসতার চিত্র তুলে ধরে সমাজকল্যাণমন্ত্রী বলেন, কারা আগুন সন্ত্রাস চালাচ্ছে কিংবা এমপির বাড়িতে অগ্নিসংযোগ ও সাধারণ মানুষকে ছুরিকাঘাত করছে তা ইতিহাসই বলে দেয়। হাসপাতাল ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়ার সংস্কৃতি নিষিদ্ধ ঘোষিত দলটির পুরনো ইতিহাস যা তারা ১৯৭২ সাল থেকেই করে আসছে। পলাতক স্বৈরাচারী শক্তিই মূলত লাশের রাজনীতিতে বিশ্বাস করে।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে ডা. জাহিদ হোসেন বলেন, ওই আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছে এবং ৩০ হাজারেরও বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। এ ছাড়া দীর্ঘ ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনে দলের হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছেন। এখন তারা আবারও পুরনো কায়দায় গায়ের জোরে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা কায়েম এবং মানুষের ওপর নিজেদের মতামত চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণের ভূমিকার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে এ দেশের মানুষ যেমন উপযুক্ত জবাব দিয়েছে তেমনি ভবিষ্যতেও গণতন্ত্র ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে জনগণ প্রস্তুত রয়েছে। সিদ্ধান্ত গ্রহণে বাংলাদেশের মানুষ অতীতে কখনো ভুল করেনি। যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও বিভিন্ন মামলার আসামি হয়েও বিদেশে বসে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে ও দিবা স্বপ্ন দেখছে তাদের কীভাবে প্রতিহত করতে হয় তা এ দেশের মানুষ ভালোভাবেই জানে।
পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


