রাজনীতি

এমপি ফজলুর রহমানের পদত্যাগের খবরটি ভুয়া ও বানোয়াট: ফেসবুক পেজে সতর্কবার্তা | দৈনিক পূর্বাচল

ডেস্ক রিপোর্ট, দৈনিক পূর্বাচল:

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সম্পূর্ণ অসত্য ও বানোয়াট। সম্প্রতি কিছু ফেসবুক পেজ ও প্রোফাইলে তার পদত্যাগের দাবি সংবলিত যে ফটোকার্ডগুলো প্রচার করা হচ্ছে, সেগুলোকে ‘ভুয়া’ বলে নিশ্চিত করা হয়েছে।
সংসদ সদস্য ফজলুর রহমানের নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। একই সঙ্গে সাধারণ মানুষকে এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক সংবাদ থেকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
ফেসবুক পেজে প্রকাশিত সতর্কীকরণ বার্তায় সংসদ সদস্যের বরাতে উল্লেখ করা হয়, “সতর্কীকরণ। ভুয়া সংবাদ থেকে সাবধান। সামাজিক যোগাযোগমাধ্যমে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, এমপি মহোদয়ের কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের বিষয়ে একটি বিভ্রান্তিকর ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। প্রচারিত এই ফটোকার্ডটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের মিথ্যা তথ্যের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।”
বিবৃতিতে তিনি আরও বলেন, “সবার প্রতি অনুরোধ, যাচাই না করে কোনো সংবাদ বা তথ্য বিশ্বাস কিংবা প্রচার করবেন না। বিভ্রান্তি এড়াতে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান এমপির ভেরিফায়েড ফেসবুক ও AMI TV পেজের সঙ্গে থাকুন। সত্য প্রচার করুন, মিথ্যা ও অপপ্রচার থেকে বিরত থাকুন।”
সংশ্লিষ্ট মহল মনে করছেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল এবং মাঠপর্যায়ে বিভ্রান্তি ছড়ানোর লক্ষ্যেই একটি চক্র পরিকল্পিতভাবে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। কোনো রকম যাচাই-বাছাই ছাড়া এই ধরণের সংবেদনশীল তথ্য শেয়ার না করার জন্য নেটিজেনদের প্রতি অনুরোধ জানিয়েছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা।

About the author

নিজস্ব প্রতিবেদক

Leave a Comment