ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস এলাকা থেকে দেশীয় অস্ত্র (চাপাতি) সহ কামাল (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে সাধারণ শিক্ষার্থীরা। পরবর্তীতে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত কামালের বাড়ি চাঁদপুর জেলায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, সকালের দিকে ওই ব্যক্তি একটি ধারালো চাপাতি হাতে নিয়ে উপাচার্যের বাসভবন (ভিসি চত্বর) সংলগ্ন এলাকায় রহস্যজনকভাবে ঘোরাঘুরি করছিলেন। তার আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলে ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে তাকে ঘিরে ধরে এবং তার কাছে থাকা চাপাতিটি জব্দ করে। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, “শিক্ষার্থীরা চাপাতিসহ এক ব্যক্তিকে আটক করে আমাদের হেফাজতে দিয়েছে। ওই ব্যক্তিকে বর্তমানে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্যাম্পাসে তার আসার উদ্দেশ্য এবং চাপাতি বহনের কারণ খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”


